চীনা নাগরিকসহ ৬ আসামির অর্থ আত্মসাৎ মামলার রায় পিছিয়েছে
মামলার পর পাঁচ বছর পর রায় হতে যাচ্ছে।
সিনফা নিটার্স লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইয়াং ওয়াং চুংসহ ছয় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ আত্মসাৎ মামলার রায় ঘোষণা পিছিয়েছে। আগামী ১৬ নভেম্বর রায় ঘোষণার নতুন তারিখ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার বিশেষ দায়রা জজ মো. ইকবাল হোসেনের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে নতুন দিন ঠিক করেন বিচারক।
মামলার অন্য আসামিরা হলেন সিনফা নিটার্স লিমিটেডের পরিচালক খসরু আল রহমান ও মনসুরুল হক, কর্মকর্তা গোলাম মোস্তফা, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এক্সপোর্ট) আব্দুল ওয়াদুদ খান ও সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চৌধুরী।
আসামিদের মধ্যে মনসুরুল হক, ওয়াদুদ খান, শাহাবুদ্দিন চৌধুরী, গোলাম মোস্তফা জামিনে রয়েছেন। বাকি দুজন পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একটি জাল দলিল তৈরি করে ব্যাংকে বন্ধক রাখেন। দীর্ঘদিন ব্যাংকের কাছ থেকে ব্যাক টু ব্যাক এলসি খোলার নিশ্চয়তা নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ব্যাংকের দায়-দেনা বাবদ ২ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ১৪৮ টাকা পরিশোধ না করে তারা গা ঢাকা দিয়ে থাকেন, যাতে ব্যাংক জাল জালিয়াতির কাগজপত্র দিয়ে গ্রহণকৃত বন্ধকী জমি বিক্রি করে তাদের টাকা উদ্ধার করতে না পারে। তাদেরও কোনো হদিস করতে না পারে। আর এর ফলে প্রকৃত জমির মালিকও হয়রানির শিকার হন।
এ ঘটনায় দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন ২০১৭ সালের ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। একই কর্মকর্তা মামলা তদন্ত করে ৬ জনকে আসামি করে করে ২০১৮ সালের ২৪ জুন অভিযোগপত্র জমা দেন।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
