মোহাম্মদপুরে হামলার ঘটনায় মামলার পর ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
রোববার দুপুরে নির্বাচনী এলাকায় জাহাঙ্গীর কবির নানক ভোটের প্রচার শেষ করে টাউন হলে যাওয়ার সময় সাজ্জাদের নেতৃত্বে কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায়।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবীর নানকের ভোটের প্রচারে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানা ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ রহমানকে সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগে সোমবার বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ।
এর আগে হামলার ঘটনায় সাজ্জাদের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টার অভিযোগে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, মোহাম্মদপুর টাউন হল ক্যাম্পের বাসিন্দা মো. বাবুল রোববার রাতে বাদি হয়ে তার ছেলেকে হত্যার চেষ্টার অভিযোগে সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছে।
রোববার দুপুরে নির্বাচনী এলাকায় জাহাঙ্গীর কবির নানক ভোটের প্রচার শেষ করে টাউন হলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় সাজ্জাদের নেতৃত্বে কয়েকজন অতর্কিতভাবে প্রচারে অংশ নেওয়া কয়েকজনের উপর হামলা চালায়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, সবাই যে যার মত চলে যাচ্ছেন, নানক ভাইও গাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এসময় অতর্কিতভাবে কয়েকজন এসে হামলার ঘটনা ঘটায়।”
“পরে জানা যায় পূর্বশত্রুতার জেরে ছাত্রলীগের কয়েকজন ছেলে এই হামলার ঘটনা ঘটিয়েছে। তবে নির্বাচনের সঙ্গে এই হামলার ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই।”
মামলার নথি থেকে জানা যায়, কিছুদিন আগে সিয়াম নামের এক স্কুলছাত্রের সঙ্গে টাউন হল এলাকায় সাজ্জাদের কথাকাটাকাটি হয়।
এরই সূত্র ধরে রোববার সিয়ামসহ তার কয়েকজন বন্ধুকে দেখতে পেয়ে সাজ্জাদের নেতৃত্বে লিমন, অভিক, আদিব, রজব, রাব্বিসহ ২০/২৫ জন লাঠি, রড, ধারাল চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে তাদের উপর হামলা চালান।
হামলায় বাপ্পি, সাইফুল, মিরাজ নামের তিনজন জখম হন।
সিয়ামের বাবা মো. বাবুল জানান, তার ছেলেসহ কয়েকজন নৌকার পক্ষে মিছিলে গিয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে সাজ্জাদের লোকজন তাদের ওপর হামলা চালান।
এই ঘটনার পর থানায় মামলা হলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি সাজ্জাদ রহমান ছাড়াও সদস্য আসলাম, ছোটন, ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাগর, সানভিরকে বহিষ্কার করে। এছাড়া ছাত্রলীগের কর্মী ভান্ডারি ইমনকেও বহিষ্কার করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানিয়েছেন, এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন এজাহারভুক্ত আসামি রাব্বি।
সাজ্জাদসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
