জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ
ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে অপর একজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম এবং ছাত্রনেতা রাসেল খন্দকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে তাদের সাংগঠনিক প্রাথমিক সদস্যপদ ও পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের একই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে শোকজ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সেলিম রেজাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সীমার মধ্যে সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তাকে লিখিত জবাব দিতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এ জন্য কেন্দ্র দুজনকে বহিষ্কার ও একজনকে শোকজ করেছে।
