২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পিটিয়ে হত্যা: বাদীর অভিযোগ এক, এজাহার-তদন্ত ভিন্ন দিকে

ক্ষমতাসীনদের মিছিলে না যাওয়ায়ই হাফিজুলকে মারা হয়েছে বলে তার ভাই অভিযোগ করেছেন, যদিও মামলার এজাহারে সে বিষয়ে কিছু নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 01:50 AM

Updated : 14 Jun 2023, 11:10 AM

ঢাকার মিরপুরে সোমবার সন্ধ্যায় হাফিজুল ইসলাম নামে যে ব্যবসায়ীকে পিটিয়ে মারা হয়েছে, তার ছোট ভাই সজীব মিয়ার অভিযোগ, ক্ষমতাসীনদের মিছিলে না যাওয়ার কারণেই প্রাণ দিতে হয়েছে তার ভাইকে।

১৯ বছর বয়সী এ তরুণই হত্যা মামলাটির বাদী। তবে মামলার এজাহারে ছেঁড়া টাকা নিয়ে ক্রেতার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হয়ে মৃত্যুর কথা বলা হয়েছে।

সজীবের ভাষ্য, মামলায় কী লেখা হয়েছে, সেটি তিনি পড়েননি, কেবল স্বাক্ষর করেছেন। আর মামলার আগে ‘আসল ঘটনা’ জানতেন না।

মিছিলে না যাওয়ার কারণে ‘ঝামেলা’র কথা শুনেছেন মিরপুর থানার ওসি মো. মহসিনও।

তবে তিনি বলছেন, “তার (নিহতের) পাশের দোকানদারের সঙ্গে পুলিশ কথা বলেছে, তিনি এরকম কিছু বলেনি। ঘটনা যাই ঘটুক- পুলিশ তদন্ত করছে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।”

নিহত হাফিজুল ইসলাম (২৭) মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় পথের ধারে ভ্যানে করে চিকেন ফ্রাই বেচতেন। মঙ্গলবার সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে ময়নাতদন্ত শেষে তার লাশ নরসিংদীর শিবপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

Image

নিহতের বড় ভাই শফিকুল

সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে নিহতের বড় ভাই শফিকুল ইসলাম দাবি করেছেন, এর আগে তার ভাই মাঝে মাঝে সরকারদলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সোমবার যুবলীগের যে মিছিল-সমাবেশ ছিল, সেখানেও তাকে ডাকা হয়েছিল। মিছিলে না যাওয়ার কারণে হাফিজুলকে হত্যা করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “আমি তো এরকম কিছু শুনি নাই, আপনার কাছে জানলাম।”

এজাহারে ভিন্ন কথা

মর্গে শফিকুল বলেন, পরিবারে তিনিসহ নিহতের অনেক অভিভাবক থাকার পরও সদ্য কৈশোর পেরনো সজীব মিয়াকে ডেকে নিয়ে তড়িঘড়ি করে পুলিশ একটি মামলা নিয়েছে।

সেই মামলায় বলা হচ্ছে, ক্রেতার সঙ্গে ছেঁড়া টাকা নিয়ে বিতর্কের একপর্যায়ে কয়েকজন মিলে তাকে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন।

হাফিজুল হত্যা মামলায় স্থানীয় আসাদুজ্জামান চয়ন ও মো. তারেকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় মুন্না নামের একজনের কথা উল্লেখ করে বলা হয়েছে, সেই মুন্না ঘটনার পর আসামিদের পালাতে বলেছিলেন।

এজাহারের বিবরণ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চয়ন ও তারেকসহ অজ্ঞাত পরিচয়ের ৩-৪ জন হাফিজুলের দোকান থেকে চিকেন ফ্রাই কেনেন। এরপর চয়ন খাবারের দাম বাবদ হাফিজুলকে ১০০ টাকার একটি ছেঁড়া নোট দেন। হাফিজুল ওই নোটটি পরিবর্তন করে দিতে বললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে আসামিরা হাফিজুলকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিলঘুষিসহ লাথি মারে। তাতে হাফিজুল জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর পুলিশ মামলার ১ নম্বর আসামি চয়নকে গ্রেপ্তার করে। বাদীর সামনে পুলিশ চয়নকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন এবং ‘জনৈক’ মুন্না তাদের পালিয়ে যাওয়ার জন্য বলেছিল বলে এজাহারে বলা হয়েছে।

বাদী ‘পড়েননি’ এজাহার

হাসপাতাল মর্গে মঙ্গলবার দুপুরের পর মামলার বাদী সজীব মিয়া দাবি করেন, মামলার এজাহারে কী লেখা রয়েছে, তা তিনি পড়েননি, কেবল স্বাক্ষর করেছেন। আসলে তিনি তেমন পড়ালেখাও জানেন না।

মামলা দায়েরের আগে ‘আসল ঘটনা’ জানতেন না বলেও দাবি করেন ১৯ বছর বয়সী এই তরুণ।

তাহলে হাফিজুলের মৃত্যু কীভাবে হল? উত্তরে সজীব বলেন, “এটা তো বহুত কাহিনী। আমরা হাসপাতালে যাওয়ার পর সঙ্গে যে মানুষগুলা ছিল- তারা কিছুই বলতে চায় না। কারণ এইডার লগে পাওয়ারের লোকদের হাত আছে। পারসোনালভাবে তাদের কয়েকজন কথা বলছে।

“তারা বলছে, ওইদিন নাকি আওয়ামী লীগের মিটিং ছিল। তারা সবাইরে বলছিল মিটিংয়ে যাওয়ার জন্য। তো আমার ভাই আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না। যার কারণে সে মিটিংয়ে না গিয়া দোকান খুলছিল। দোকান খোলা দেইখা তারা গিয়া ভাইরে মারধর করে। একপর্যায়ে এমন জায়গায় আঘাত করে যার কারণে সে মারা যায়।”

এসব কথা মামলায় লিখলেন না কেন? সজীবের জবাব, “অফিসের লোক যারা, তারাই মামলা লিখছে।”

কোন অফিসের লোক লিখেছে- জানতে চাইলে তিনি বলেন, “থানার লোক যারা ছিল তারা।”

বাদী বলেন, “এই মিটিংয়ের বিষয়টা তো প্রথমে জানতে পারি নাই। রাতে পরে দোকানের দিকে যাওয়ার পর আমরা সবার কাছ থেকে শুনলাম যে মিছিলে না যাওয়ার কারণে ভাইরে মারছে।”

ঘটনার সময় তাৎক্ষণিকভাবে একজন ধরা পড়েছে বলে পুলিশের কাছে জেনেছিলেন উল্লেখ করে সজীব বলেন, “আমারে বলছে, পুলিশ নাকি একজন আসামি ধরছে, সে নাকি জবানবন্দি দিছে ১০০ টাকা নাকি ৫০০ টাকার নোট ছিঁড়া দিছে। এটা নিয়ে ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি। পরে তারা মামলায় সেইটাই লিখছে।”

সদ্য ভাই হারানো এই তরুণ বিচারের আশাও সেভাবে দেখছেন না জানিয়ে বললেন, “ভাইয়া, ওদের পাওয়ারের লোক অনেক। নাহলে এত এত মানুষের ভিতর আমার ভাইরে এইভাবে মারতে পারে। আমরা চাই যে, বিচার হোক।”

আশপাশের ব্যবসায়ীরা যা বলছেন

মিরপুর ফলপট্টিতে সারি সারি খাবারের ঠেলাগুলো মঙ্গলবার দিনভর বন্ধ ছিল। হাফিজুলের ভ্যানটি পলিথিন দিয়ে ঢাকা, ভেতরে ভাজা মুরগিসহ অন্যান্য খাবার পড়ে ছিল। হাফিজুলের দোকানের ঠিক উল্টো দিকে ‘অলি ভাইয়ের’ দই-চিড়ার দোকান।

দোকানের মালিক মো. অলি জানালেন, সোমবার সন্ধ্যায় তিনি দোকানে একাই ছিলেন। এ সময় দেখেন কয়েকজনের সঙ্গে হাফিজুলের বাগবিতণ্ডা হচ্ছে। এক পর্যায়ে তারা হাফিজুলকে মারধর করে ফেলে রেখে চলে যায়।

তবে কী নিয়ে এই মারধর, সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন অলি।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য ব্যবসায়ীরা বলছেন, সোমবার বিকালে মিরপুর ১১ নম্বরে যুবলীগের কর্মসূচিতে যেতে বলেছিল স্থানীয় ‘লাইনম্যান’ চয়ন-তারেকরা। তারা সবাই স্থানীয় যুবলীগ নেতা ও ওই এলাকার ফুটপাতের ব্যবসার নিয়ন্ত্রক মুন্নার লোক হিসেবে পরিচিত। মুন্নার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভালো সম্পর্ক রয়েছে।

মারধরের ঘটনা কাছ থেকে দেখা এক বিক্রেতা বলেন, “প্রথমে লাইনম্যানরা এসে দোকানদার হাফিজুলকে যুবলীগের সমাবেশে না গিয়ে তিনি কোন সাহসে দোকান খোলা রেখেছে, তা জানতে চায়। তখন হাফিজুল বলে, এর আগে দলীয় কর্মসূচিতে যাওয়ার পরও সেদিনের ‘ফুটের ভাড়া’ আদায় করে নিয়ে গেছেন লাইনম্যানরা।

“কিছুটা ক্ষোভ নিয়ে হাফিজুল তাদের বলেছিলেন, ‘প্রোগ্রামেও যামু আবার ফুটের ভাড়াও দিমু- এইডা তোমাগো কোন বিচার’। এভাবে এক দুই কথায় তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন ওরা।”

তবে তাদের কারও কাছে লাঠি বা ধারালো কোনো অস্ত্র তিনি দেখেননি বলে তিনি জানান।

ফুটপাথের দোকানগুলো বন্ধ থাকলেও কয়েকজন ব্যবসায়ী সেখানে এসে জড়ো হন। তারা বলছেন, চয়নসহ কয়েকজন এই এলাকার ফুটপাথ ও পথের ধারের খাবারের ঠেলাগাড়িগুলো থেকে প্রতিদিন টাকা তোলেন। দোকানভেদে প্রতিদিন ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দিতে হয় ব্যবসায়ীদের। এটাই তাদের ভাষায় ‘ফুটের ভাড়া’।

ব্যবসায়ীরা জানান, নিহত হাফিজুল খুবই ধার্মিক ছিলেন, পাঁচবেলা নামাজ পড়তেন। কারও সঙ্গে বিবাদে জড়াতেন না।

যুবলীগ ও পুলিশ যা বলছে

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল এক প্রশ্নের উত্তরে বলেন, “মুন্না আছে- আমাদের ওই এলাকার নেতা। তবে চয়ন আর তারেকরে ঠিক চিনলাম না। মুন্নারে জিজ্ঞেস করলে হয়ত জানা যাবে, ঘটনাটা কী?”

ঘটনার পর সোমবার রাতে মিরপুর থানার ওসি মো. মহসিন বলেন, তারা শুনেছেন হাফিজুলকে কেউ একজন ঘুষি মারলে তিনি অসুস্থ হয়ে পড়ে মারা যান।

মিরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান নিহত হাফিজুলের সুরতহাল করেছেন, সেখানে নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়নি।

মামলার বিবরণ নিয়ে বাদীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখেন অনেকেই অনেক কিছু বলতে পারে। তবে ছেলেটা মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে মামলা রেকর্ড হয়েছে।

“ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আমরা গ্রেপ্তার করেছি। মামলা তদন্তের অনেকটা অগ্রগতি আছে, মামলা অনেকটা ডিটেক্ট।”

মিছিলে না যাওয়ার কারণে মারধর করা হয়েছে-এমন অভিযোগ প্রসঙ্গে ডিসি বলে, “আপনি যেভাবে বললেন, সেরকম কিছু আমরা এখনো পাইনি। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসুক।”