২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণঅভ্যুত্থান ভন্ডুলের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে: সেলিম

“দলগুলোর ঐক্য দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে— এ নিয়েও প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন,” বলেন মান্না।

গণঅভ্যুত্থান ভন্ডুলের ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে: সেলিম
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

দেশের রাজনীতিতে হঠাৎ যে অস্থিরতা তৈরি হয়েছে, তা জুলাই গণঅভ্যুত্থান ‘ভণ্ডুলের ঘনীভূত ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, “আমরা দেশের সামগ্রিক পরিস্থিতি ও রাজনৈতিক গতিধারা নিয়ে খোলামেলা আলোচনার চেষ্টা করেছি। অল্প সময়ের মধ্যেই আমরা এই উপলব্ধিতে এসেছি যে— বর্তমান পরিস্থিতির প্রতি আমাদের গভীর নজর দেওয়া প্রয়োজন। 

“দেশের ভেতরে ও বাইরে থেকে নানাভাবে গণঅভ্যুত্থানের বিজয়কে ভন্ডুল করার ষড়যন্ত্র ঘনীভূত হচ্ছে। যদি আমরা এসব ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে না পারি, তবে তা হবে মানুষের রক্তের সঙ্গে বেইমানি।”

হঠাৎ করে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে রোববার বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। 

আগের দিন বসেন তিন রাজনৈতিক দল— বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সঙ্গে।  বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে তিন দলই নিজেদের ‘আগের অবস্থান’ তুলে ধরে।

দ্বিতীয় দিন দুই দফায় ২০ নেতার সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে বিকাল ৫টা ৫০ মিনিটে সরকারপ্রধানের বাসভবন যমুনায় শুরু হয় প্রথম দফার আলোচনা। 

এতে ১০টি রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা বৈঠক থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এদের মধ্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠেছে—বর্তমানে রাজনীতিবিদদের সম্পর্কে জনগণের মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছে। এই বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। অতীতে রাজনৈতিক পতনের পর বিভিন্ন দল একত্রিত হয়ে যেভাবে একটি আচরণবিধি প্রণয়ন করেছিল, তেমনি এখন আবার আমাদের উচিত হবে যৌথভাবে একটি আচরণবিধি তৈরি করা। সেই আচরণবিধিতে আমরা প্রতিশ্রুতি দেব—রাজনীতিতে কিছু অনৈতিক ও অবাঞ্ছিত কাজ আমরা আর করব না, এবং যেন না হয়, তা দেখার দায়িত্বও আমরা নেব। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।’’

সিপিবির সাবেক সভাপতি বলেন, “আমরা আরও বলেছি— রাজনৈতিক ঐক্য এবং সাদৃশ্য (ইউনিফর্মিটি) এক জিনিস নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকা স্বাভাবিক; বরং সেটিকে উৎসাহিত করা উচিত। কোন মত কার্যকর হবে, সেটি নির্ধারণের দায়িত্ব জনগণের। আর সেই মত প্রকাশের সঠিক মাধ্যম হলো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

‘‘আমরা নির্বাচন এবং সংস্কার—এ দুটির আন্তঃসম্পর্ক নিয়েও আলোচনা করেছি। সংস্কারকে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা যতই তাত্ত্বিক কাগজপত্র লিখি না কেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কায়েমি স্বার্থের ষড়যন্ত্র প্রতিহত করে কোনো বাস্তব পরিবর্তন সম্ভব নয়। তাই জনগণের মতামত নেওয়ার কার্যকর পদ্ধতি হলো একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো আগে সম্পন্ন করতে হবে।’’

তিনি বলেন, ‘‘এখানে আমাদের ভুল ধারণা হওয়া উচিত নয়— সবকিছু একসাথে করে ফেলতে হবে, এমন নয়। বরং সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দিতে হবে—তারা যেন সিদ্ধান্ত নিতে পারে। 

“কেবল অন্তর্বর্তী সরকারকেই সব দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না। আমরা সতর্ক করেছি যে—সমস্যা সমাধানে যদি দেরি করা হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তখন আর কিছু করার সুযোগ নাও থাকতে পারে।”

মূল বিষয়বস্তুই ছিল নির্বাচন: মান্না

বৈঠক থেকে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “বর্তমান সংকটপূর্ণ প্রেক্ষাপটে আমরা সবাই একমত যে একটি গভীর রাজনৈতিক সংকট চলছে। প্রধান উপদেষ্টা বিশেষভাবে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিষয়ে কথা বলেছেন। তার মতে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনকে মানতে চায় না— বরং, সুযোগ পেলে একদিনেই আমাদের ধ্বংস করে দিতে চায়। এই উদ্দেশ্যেই তারা যা যা করা দরকার, তাই করছে। 

“এজন্য প্রধান উপদেষ্টা অত্যন্ত চিন্তিত। তার মতে, এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলাও জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত, দিনকে দিন সেই ঐক্য দুর্বল হয়ে পড়ছে— এ নিয়েও তিনি উদ্বিগ্ন।”

নাগরিক ঐক্যের নেতা বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে বলেছি— এই প্রশ্নে আমরা সবাই এক থাকব। সেলিম ভাই যেমন পরে বললেন, ‘ডাইভারসিটি ইন ইউনিটি’— মানে মতপার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক; কিন্তু জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই বার্তাটি আমরা উপদেষ্টাকে জানিয়েছি এবং তাতে তিনি মোটামুটি আশ্বস্ত হয়েছেন।’’

প্রধান উপদেষ্টা খোলাখুলি কথা বলেছেন জানিয়ে মান্না বলেন, ‘‘হঠাৎ করেই একদিন তিনি (প্রধান উপদেষ্টা) গভীর হতাশায় পড়ে যান— যখন উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক চলছিল, তখন তার মনে হয়েছিল, এতদিন ধরে তিনি যা যা করছেন, তার কিছুই সফল হবে না। সংস্কার হবে না, সুষ্ঠু নির্বাচনও সম্ভব হবে না। সেই হতাশা থেকে তিনি মনে করেছিলেন, তার আর দায়িত্বে থাকা উচিত নয়— এজন্য তিনি পদত্যাগের কথা বলেছিলেন।” 

এ নিয়ে অনেক আলোচনা হওয়ার কথা তুলে ধরে মান্না বলেন, “আমরা একটু রসিকতার সুরে বলেছি— এই উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এখন জাতি চায় না যে ড. ইউনূস এভাবে দায়িত্ব ছেড়ে চলে যান। এতে সংকট আরও ঘনীভূত হবে। আমরা তাকে বলেছি, এখন তার আরও বেশি করে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া প্রয়োজন। 

“তাকে বক্তব্য রাখতে হবে, জনগণের সঙ্গে সংলাপে আসতে হবে। তিনি কী কর্মসূচি নিতে চান, তা স্পষ্ট করতে হবে। যেহেতু রাজনীতির মূল বিষয় এখন নির্বাচন, সেহেতু তার উচিত একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন করা—কীভাবে তিনি নির্বাচন করতে চান, কবে সেটা করবেন, তা বলা জরুরি।’’

মান্না বলেন, ‘‘তিনি (ইউনূস) বেশ স্পষ্টভাবে বলেছেন— যদি অল্প কিছু সংস্কার দরকার হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আর যদি বড় ধরনের সংস্কার প্রয়োজন হয়, তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা যেতে পারে। এমনকি তিনি লিখিতভাবে দিতে রাজি আছেন—প্রয়োজনে পদত্যাগপত্রের মত করেই লিখে দেবেন— যে জুনের পরে কোনোভাবেই এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে না। নির্বাচন অবশ্যই তার আগেই হবে।

‘‘যারা সন্দেহ করে যে তিনি হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন— প্রয়োজনে তিনি ‘প্রভিশনারি নোট’ আকারে জানিয়ে দেবেন যে তার কোনো ইচ্ছা নেই ক্ষমতা কুক্ষিগত বা দীর্ঘস্থায়ী করার। বরং সামনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনই হবে তার প্রধান কাজ।’’

নিজেদের দলের অবস্থান সম্পর্কে মান্না বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার—আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকুই আমরা দাবি করি।”

আমরা বলেছি, মাঝনদীতে মাঝি বদলানো যায় না: সাইফুল

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘‘গত কদিনের ঘটনা তাকে (ইউনূস) খুবই মনঃক্ষুণ্ন করেছে এবং তিনি যথেষ্ট বিব্রতবোধ করেছেন। এই অবস্থান থেকে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন এবং আমাদের কাছে খোলামেলা ভাষায় বলেন যে তিনি পদত্যাগপত্র লিখতে চেয়েছেন। 

“তবে আমরা আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাকে স্পষ্টভাবে বলেছি—এই মুহূর্তে প্রধান উপদেষ্টার অথবা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ কোনো সংকটের সমাধান দেবে না। বরং এর ফলে বর্তমানে চলমান বহুমাত্রিক রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে এবং বাংলাদেশ একটি অভূতপূর্ব নতুন সংকটে নিপতিত হতে পারে।‘’

সাইফুল হক বলেন, “আমরা বলেছি, মাঝনদীতে মাঝি বদলানো যায় না। তাই আমরা, রাজনৈতিক দল হিসেবে, তার ওপর এবং তার সরকারের ওপর এখনো আস্থা রাখতে চাই। তবে আমরা এটাও স্পষ্ট বলেছি— যদিও আপনার সরকার একটি দলনিরপেক্ষ সরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের কাছে এবং জনগণের চোখে সেই দলনিরপেক্ষ চরিত্র অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়েছে।

“তাই আমরা অনুরোধ করেছি—আপনি ও আপনার সরকার যেন সবার প্রতি সমান আচরণ করেন এবং দলনিরপেক্ষ বৈশিষ্ট্য বজায় রাখেন।” 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ নেতা বলেন, “যেসব পদক্ষেপ আপনারা নিতে যাচ্ছেন— যেমন মানবিক করিডর অথবা চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সিদ্ধান্ত— এসব জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার সঙ্গে যুক্ত বিষয়। এসব বিষয়ে নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার কোনো একক সিদ্ধান্ত নিতে পারে না। আমরা বলেছি, এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া অনুচিত হবে।

‘‘আমরা আপনাদের দায়িত্বের সীমা মনে করিয়ে দিয়ে বলেছি, এখন আপনাদের তিনটি প্রধান কাজ হলো—বিচার, সংস্কার ও নির্বাচনের পথনির্দেশনা। আমরা বলেছি, জনগণ চায় বিচার দ্রুত ও কার্যকরভাবে দৃশ্যমান হোক। পাশাপাশি আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে যেসব বিষয়ে ন্যূনতম রাজনৈতিক ঐকমত্য রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে একটি জাতীয় সনদ বা ‘ম্যাগনা কার্টা’র মতো একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করা সম্ভব। আর নির্বাচনের বিষয়ে জাতির দীর্ঘ প্রত্যাশা রয়েছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের। আপনার সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে বিচার ও সংস্কার সম্পন্ন করে একটি নির্ভরযোগ্য নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা।”

তিনি বলেন, “আমরা আরও বলেছি, আপনার সরকার রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা বা প্রতিপক্ষ হিসেবে দেখার যে প্রবণতা দেখাচ্ছে, সেটি ভুল এবং আত্মঘাতী। আমরা যৌক্তিক সহযোগিতা করতে প্রস্তুত, তবে সেই সহযোগিতা কীভাবে গ্রহণ করা হবে, সেটা বুঝে নেওয়ার দায় সরকারকেই নিতে হবে। রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।’’

“আমরা বলেছি, যদি বোঝাপড়ার ভিত্তিতে কিছু অতিরিক্ত সময় প্রয়োজন হয়, ৩১ ডিসেম্বরের পর ১৫ দিন বা এক মাস সময় বাড়লেও সেটি সমস্যা নয়। তবে তার শর্ত হচ্ছে— প্রকৃত রাজনৈতিক এনগেজমেন্ট ও বোঝাপড়া থাকতে হবে।‘’

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘’আমরা কোনো নির্দিষ্ট নাম প্রস্তাব করিনি। তবে বলেছি, যেসব উপদেষ্টার কার্যক্রম প্রশ্নবিদ্ধ, তাদের বিষয়ে আপনি নিজ প্রজ্ঞায় সিদ্ধান্ত নেবেন। এই সংকটের প্রেক্ষাপটে আপনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন— এমন প্রত্যাশাও আমরা জানাই।’’

বৈঠকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও ছিলেন। 

বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব এমন একটি মুহূর্তে এসেছে, যখন একদিকে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে; অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের জন্য একটি গণতান্ত্রিক সংস্কারের পথে অগ্রসর হতে হবে। এই দুই দায়িত্ব পালনের ভার সরকারকেই নিতে হবে। অন্যথায় আর কোনো সুযোগ থাকবে না।”

জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী বলেন, “আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন বিষয়ে খোলামেলা আলোচনা করেছি। তাকে স্পষ্টভাবে বলেছি, অনেক আশাভরসা নিয়ে আপনাকে এ দায়িত্বে বসানো হয়েছে। আপনি যেন সকল চক্রান্ত প্রতিহত করে একটি জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজন করেন। আমরা চাই আপনি ধৈর্য হারাবেন না। আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।”