২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে সহিংসতা: ১৪ দিনে গ্রেপ্তার ২১৫

একই সঙ্গে ২২১টি অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্টতার অভিযোগে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোটে সহিংসতা: ১৪ দিনে গ্রেপ্তার ২১৫

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 09:02 PM

Updated : 31 Dec 2023, 09:02 PM

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ১৪ দিনে দেশজুড়ে ২১৫ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে পুলিশ বলেছ, এ সময়ে মামলা হয়েছে ১৮৪টি।

রোববার এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, ১৮ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় এসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি নভেম্বর ও ডিসেম্বরে ২২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

গ্রেপ্তারদের বিষয়ে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে প্রার্থীদের মধ্যে মারামারির ঘটনায় জড়িত থাকা ছাড়াও বিএনপির ডাকা অবরোধকালে সহিংসতায় জড়িতরাও গ্রেপ্তারদের মধ্যে রয়েছে।

জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। পুলিশের সঙ্গে সেই সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপি হরতাল ও অবরোধ পালন করে আসছে।

এরমধ্যেই তফসিলের পর নির্বাচনের ট্রেন ছুটতে শুরু করেছে। বিএনপির বর্জনের মধ্যেই আগামী ৭ জানুয়ারির ভোট অনেক স্থানে জমে উঠেছে।