ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাঁসি কার্যকর করা হয়েছে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকারীদের দুইজন মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার ১২টার পর তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার প্রক্রিয়া চলছে।
এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট একটি সূত্র একথা নিশ্চিত করেছে।
এ পাঁচজনই সাবেক সামরিক কর্মকর্তা।
ফাঁসি কার্যকর করতে বুধবার থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি কার্যকর হবে- সরকারের কোনো কর্মকর্তা স্পষ্ট করে না বললেও প্রশাসনিক তৎপরতায় তার আঁচ পাওয়া যাচ্ছিলো।
মৃত্যুদণ্ডবিরোধী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইউরোপীয় ইউনিয়ন খুনিদের ফাঁসিতে না ঝোলানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।
পাঁচ জনই বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
এদের মধ্যে ফারুকের বাড়ি নওগাঁয়, শাহরিয়ারের কুমিল্লায়, বজলুল হুদার বাড়ি মেহেরপুরে এবং দুই মহিউদ্দিনের বাড়ি পটুয়াখালীতে।
বুধবার সকালে রিভিউ আবেদন খারিজের পরপরই কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আইন মন্ত্রণালয়ে বৈঠক করেন আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অ্যাডভোকেট আনিসুল হক প্রমুখ।
এরপরপরই কারাবন্দি খুনিদের স্বজনদের টেলিফোন করে দেখা করতে বলে কারা কর্তৃপক্ষ।
বজলুল হুদার বোন মাহফুজা পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা কর্তৃপক্ষ আমাদের ফোন করে ভাইয়ের (বজলুল হুদা) সঙ্গে দেখা করতে আসার জন্য বলেছেন। কয়জন দেখা করতে আসব- এ কথা জানতে চাইলে তাগাদা দিয়ে বলা হয়েছে, তাড়াতাড়ি আসেন।"
অন্যদিকে বৈঠকের পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, ৩১ জানুয়ারির মধ্যেই ফাঁসির রায় কার্যকর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সে জন্য সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কারাবন্দি পাঁচ খুনির মধ্যে চারজন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয়। তবে প্রাণ ভিক্ষার আবেদন করেননি সুলতান শাহরিয়ার। তার মেয়ে শাহনাজ রশিদ খান বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে সাংবাদিকদের বলেন, "বাবা বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। তাই তিনি ক্ষমা চেয়ে আবেদন করেননি।"
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। এরপর পাঁচ খুনি রিভিউ আবেদন করলে গত ২৪ থেকে ২৬ জানুয়ারি তার ওপর শুনানি হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত অপরজন আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স
bdnews24