ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদনের শুনানির প্রথম দিন শেষে তা সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্যে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চে রোববার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া ১২টা পর্যন্ত শুনানি চলে।
শুনানির প্রথম দিনে আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন শুনানি করেন।
তিনি সাতটি পয়েন্টে রায় পুনর্বিবেচনার আবেদন করেন।
শুনানিতে মামুন বলেন, "১৯৯৬ সালে '৭৫ এর ১৫ আগস্টের ঘটনার ইনডেমনিটি রহিত করা হলেও এর কার্যকারিতা স্থগিত করা হয়নি।"
এর উত্তরে আদালত বলে, এ বিষয়ে রায় আমরা দিয়ে দিয়েছি। এ নিয়ে নতুন করে কথা বলার অবকাশ নেই।
নিজের দুই মক্কেলের শাস্তি কমানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেন মামুন।
তিনি বলেন, "আমরা ক্লায়েন্টরা বয়োবৃদ্ধ। তারা দীর্ঘদিন কনডেম সেলে রয়েছেন। এক ধরনের মানসিক শাস্তি তারা ভোগ করেছেন।"
মামুনের শুনানির পর আসামি ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের কৌঁসুলি খান সাইফুর রহমান এবং সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান শুনানি এক সপ্তাহের জন্য মুলতবির আবেদন জানান।
আদালত সে আবেদরন নাকচ করে সোমবার পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেয়।
রিভিউ শুনানি ঘিরে সকাল থেকেই কঠোর নিরাপত্তা ছিলো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। র্যাব প্রহরায় আদালতে আসেন চার বিচারপতি।
সুপ্রিম কোর্ট এলাকায় ঢুকতে তল্লাশির মুখে পড়তে হয়। গাড়িগুলোতেও তল্লাশি চলে।
আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ ও এ কে এম মহিউদ্দিন- পাঁচ জনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
এর মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল উচ্ছৃঙ্খল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স
bdnews24