ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনকারী বঙ্গবন্ধুর তিন দণ্ডপ্রাপ্ত খুনির মধ্যে দুই জন রোববার সুপ্রিম কোর্টের রায় রিভিউর জন্য আবেদন করেছেন।
তবে ওই দুই জনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন দুপুরে আপিল বিভাগে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করার পর তাদের ক্ষমা ভিক্ষার আবেদন নিয়ে প্রশ্ন তোলেন।
কারা কর্তৃপক্ষ শনিবার জানায়, মৃত্যুদণ্ডে দণ্ডিত কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজন বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। কিন্তু দুইজনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন দৃশ্যত এর পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন।
মামুন বলেন, "নিয়ম অনুযায়ী ক্ষমা প্রার্থনার আবেদন করার সময় আসামির আইনজীবী ও আত্মীয়ের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু আমরা কিছুই জানলাম না। কাল (শনিবার) থেকে বলা হলো, তারা প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। এটা বেআইনি।"
তিনি অভিযোগ করে বলেন, "কারা অভ্যন্তরে দণ্ডপ্রাপ্তদের কাছে থেকে জোর করে প্রাণ ভিক্ষার আবেদনে সই করানো হয়েছে।"
মামুন জানান, নির্ধারিত ৩০ দিনের ১০ দিন আগেই সুপ্রিম কোর্টের রায় রিভিউর
জন্য আবেদন করা হয়েছে। এ আবেদনের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর করার জন্য কারা কর্তৃপক্ষের সব কার্যক্রম বন্ধ থাকবে।
খুনিদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষরকারী বিচারকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "লাল খামে ভরে পাঠানো মৃত্যু পরোয়ানায় যে জজ স্বাক্ষর করলেন তার স্বাক্ষর করার কোনও এখতিয়ার নেই। তাই ওই মৃত্যু পরোয়ানা অবৈধ।"
এ সময়ে মামুনের পাশে ছিলেন- এ কে এম মহিউদ্দিন আহমেদের স্ত্রী হোসনে আরা মহিউদ্দিন এবং বজলুল হুদার বোন মাহফুজা পাশা। তারাও সাংবাদিকদের কাছে দাবি করেন বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করেননি।
মাহফুজার স্বামীও মৃত্যুদণ্ডে দণ্ডিত ১২ জনের অন্যতম আব্দুল আজিজ পাশা। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ শনিবার এক সংবাদ সম্মেলনে জানায়, কারাবন্দি অন্য দুই খুনি সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খান প্রাণ ভিক্ষার আবেদন করেননি। তারা রিভিউ আবেদন করবেন।
গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর গত ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক ২২ ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছিলেন, আসামিরা রিভিউ আবেদন করলে মৃত্যু পরোয়ানা জারি হলেও ফাঁসি কার্যকর স্থগিত থাকবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, বিচারিক আদালত মৃত্যু পরোয়ানা জারির ২১ দিনের পর, কিন্তু ২৮ দিনের আগে ফাঁসি কার্যকর হবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স
bdnews24