ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচারিক আদালত, আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বঙ্গবন্ধু মামলায় রায়ের অনুলিপি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, বিচারিক আদালত, কারাকর্তৃপক্ষ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুলিপি পেয়েছে বলে জানিয়েছে।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি ও নথি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে এ রায় ও নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাবে। বিচারিক ওই আদালত রায় ও নথি পেয়ে মৃত্যু পরোয়ানা জারি করবে।
তিনি বলেন, এই মৃত্যু পরোয়ানা যাবে কারা কর্তৃপক্ষের কাছে। এর ২ থেকে ২৮ দিনের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের ফাঁসির রায় কার্যকর হবে।
এদিকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের (ল্যান্সার) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন পূর্ণাঙ্গ রায়ের কপি এখনো পাননি জানিয়ে বলেন, নির্ধারিত ত্রিশ দিনের মধ্যে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় রিভিউ করার আবেদন জানানো হবে-এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছে। এজন্য দন্ড কার্যকরের কথা আপাতত আসছে না।
বৃহস্পতিবার আপিল বিভাগের বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মো. আবদুল আজিজ, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা ৪১২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন।
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল খারিজ হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স
bdnews24