ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে ভীষণ আনন্দিত বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার ঐতিহাসিক এক রায়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
এর ফলে হত্যাকারীদের ফাঁসির হাইকোর্টের রায় বহাল রয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় আমেরিকা থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয় তার প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, "আমরা তো অবশ্যই আনন্দিত। এতো বছর পর আমরা বিচার পেয়েছি। এর জন্য আমাদের ৩৪ বছর অপেক্ষা করতে হয়েছে।"
"এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের জন্য আমাদের অনেক লড়াই করতে হয়েছে", বলেন তিনি।
জয় এ সময় দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/২১৩৫ ঘ.
bdnews24