২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের রিভিউ আবেদন হবে জানিয়ে সরকারকে চিঠি

বঙ্গবন্ধু মামলার আপিলের চুড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করা হবে জানিয়ে সরকার ও জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু মামলার আপিলের চুড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করা হবে জানিয়ে সরকার ও জেল কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রায়ের পরপরই দণ্ডিত পাঁচ আসামির পক্ষে অ্যাডভোকেট নুরুল ইসলাম ও নওয়াব আলী ডাকযোগে এ চিঠি পাঠান। আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার) এর কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বরাষ্ট্রসচিব, ঢাকার ডিসি, অ্যাটর্নি জেনারেল ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ বরাবর এ চিঠি পাঠানো হয়েছে। রায় স্থগিতের জন্য কোনো আবেদন করা হয়েছে কিনা জিজ্ঞেস করা হলে মামুন বলেন, "রায় কার্যকর স্থগিত রাখার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই। কপি কারগারে যাওয়ার ২১ দিন পর্যন্ত এমনিই রায় কার্যকর স্থগিত থাকবে। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায় কার্যকর করা যাবে না।" রিভিউ আবেদন দায়েরের বিষয়ে তিনি বলেন, "রায়ের কপি না পাওয়া পর্যন্ত দন্ড কার্যকর করা যাবে না।" রায়ের কপি পাওয়ার পর রিভিউ দায়ের করা হবে তিনি জানান। বৃহস্পতিবার আপিল বিভাগ বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০৪০ ঘ.