২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়কে স্বাগত জানালেন এরশাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, গোটা জাতি আজ গর্বিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, গোটা জাতি আজ গর্বিত। বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেওয়ার জন্য আওয়ামী লীগ তাদের শরিক সাবেক সেনাশাসক এরশাদকে আবারও দুষলেও তিনি ক্ষমতাসীন দলের প্রশংসা করে বলেছেন, "বিশেষ আদালত গঠন করে তারা এই হত্যার বিচার করতে পারতো। কিন্তু তারা তা করেনি।" এর মাধ্যমে আওয়ামী লীগ যে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চায় না তা প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এটাকে ঐতিহাসিক রায় উল্লেখ করে এরশাদ আরো বলেন, "জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার হয়েছে। সমগ্র জাতি এর জন্য অপেক্ষা করেছিল।" বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নানান ঘটনাপ্রবাহে ক্ষমতার কেন্দ্রে চলে আসা সেনাশাসক ও পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন জেনারেল এরশাদ। বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে মোশতাক সরকারের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ তার দীর্ঘ নয় বছরের শাসনামলে বহাল ছিল। এরশাদের বিরুদ্ধে তার শাসনামলে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক-রশীদদের দল ফ্রিডম পার্টি গঠনে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ আছে। গত ১৫ অক্টোবর রংপুরে এরশাদ বলেছিলেন, "ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের চাকরি দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছিলেন। আমি তার ধারাবাহিকতা রক্ষা করেছি মাত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/এসকে/২০১৮ঘ.