ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-"এ বাড়িতে ঢুকতে আগে কখনও বাধা পেতে হতো না। এখন কয়েক দফা তল্লাশির পরই প্রবেশের অনুমতি মেলে। হায়! সেসময় যদি এমন কড়াকড়ি থাকতো, তাহলে দেশের ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ড হয়তো এড়ানো যেত।"
এমনটাই বিশ্বাস-৫৮ বছর বয়সী কামরাঙ্গীচরের বাসিন্দা জয়নব বিবির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় ঘোষণার দিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে ধানমণ্ডির ৩২ নম্বরের স্মৃতি বিজড়িত এ বাড়িতে এসেছেন জয়নব বিবি।
চোখ মুছতে মুছতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধুকে দেখার টানে এ বাড়িতে কতবার যে এসেছি, তা গুণে বলা যাবে না। তখন প্রবেশ করতে বাধাও আসতো না, পয়সাও লাগত না। এখনকার মতো অবস্থা সে সময় থাকলে আজ হয়ত ছবির মাঝে বঙ্গবন্ধুকে খুঁজতে হতো না। সাক্ষাতে সুখ-দুঃখের কথা তাকে জানানো যেতো।"
অন্যদিনের চেয়ে বৃহস্পতিবার সকাল থেকে রায় ঘোষণার আগ পর্যন্ত অনেকটা নীরব ছিল এ বাড়ির সামনের সড়কটি।
সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলেও তারা ছিলেন চুপচাপ। ঘণ্টা দুয়েকের উৎকণ্ঠা শেষে ঘাতকদের মৃত্যুদণ্ডের হাইকোর্টের রায় বহাল থাকার সংবাদে উচ্ছ্বসিত হয়ে পড়েন তারা। মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ৩২ নম্বর সড়ক। আনন্দের বহিঃপ্রকাশ দেখা যায় তাদের মাঝে।
জয়নব বিবির মতো অনেকেই এখনও বিশ্বাস করেন, একটু সতর্ক হলে দেশের ইতিহাসের নির্মম এ হত্যাকাণ্ড হয়তো এড়ানো যেত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডি লেক পাড়ের এখনকার ৩২ নম্বর বাড়িতেই বিপথগামী সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তার বুলেটে নিহত হন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ২৮ জন।
বাংলাদেশ সৃষ্টির অনেক ঘটনার সাক্ষী এ বাড়িটি এখন শোকের সাক্ষ্য বহন করছে। নৃশংস ওই হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘদিন তালাবদ্ধ ছিল এ বাড়িটি।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত এ বাড়িটি জাদুঘর হিসেবে খুলে দেওয়ার পর থেকে প্রতিদিন তার কীর্তির টানেই ছুটে আসেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও শ'য়ে শ'য়ে মানুষ এসেছেন। ঢোকার পর থেকেই দর্শনার্থীদের চেহারায় ফুটে ওঠে এক ধরনের বিষন্নতা। নিচতলা ঘুরে পেছনের দিকের নতুন তৈরি সিঁড়ি দিয়ে দোতালায় ওঠার পর বঙ্গবন্ধুর শয়নকক্ষের সামনে এলে নীরবতা যেন আরও ভারী হয়ে ওঠে।
অন্য রুম ঘুরে তারা নিজের অজান্তে এসে পৌঁছান সেই সিঁড়ির কাছে। ওই সিঁড়িতে ঘাতকের বুলেটে থেমে যায় বঙ্গবন্ধু'র জীবন।
সেই সিঁড়ির কাছে থমকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দর্শনার্থীদের। দীর্ঘশ্বাস নিয়ে অপলক তাকিয়ে থাকেন তারা সেই সিঁড়ির দিকে। কাঁচ ঢাকা বঙ্গবন্ধুর রক্ত দেখে আরও মলিন হয়ে পড়ে তাদের চেহারা। গুলিতে নিহত হবার পর সিঁড়িতে নিথর পড়ে থাকা বঙ্গবন্ধুর ছবি দেখে দর্শনার্থীদের হা-হুতাশ বাড়ে আরও।
ঐতিহাসিক দিনে এ বাড়িতে আসা দর্শনার্থীদের মধ্যে দুবাই প্রবাসী কুমিল্লার চৌদ্দগ্রামের মনিরুল ইসলাম ও গাইবান্ধার বাবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছবির মাঝে বঙ্গবন্ধুকে বেঁচে থাকতে দেখে দুঃখ বাড়ছে। চূড়ান্ত রায় ঘোষণার দিনে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।"
আরও অনেকের মতো তিনিও দ্রুত রায় কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নবী উদ্দিন শোক বইতে লিখেছেন, "এ বাড়ি ঘুরে যে ছবি দেখতে পেলাম, তা জীবনে ভোলার নয়। এ স্মৃতির ভার জাতি ও পরবর্তী প্রজন্মকে যেন বেশি দিন বয়ে বেড়াতে না হয়।"
নরসিংদী'র সুরুজ মিয়া ভুল বানান ও 'ভাঙ্গা হরফে' লিখেছেন, "হত্যাকারীদের বিচার চাই। যাতে মানুষ অবাক হয়। আমরা মনে খুশি হবো।"
বাংলার মানুষ যেন চিরদিন ঘৃণা করে ঘাতকদের এবং তাদের ফাঁসি দাবি করেন নাজমুল হাসান নামের এক দর্শনার্থী।
গোপালগঞ্জের হাতিয়া থেকে ছেলে ও স্বামীসহ এসেছিলেন নাসিমা পারভিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সব কিছুই আগের মতো সাজানো রয়েছে। ড্রয়িং রুম, দেয়ালজুড়ে বঙ্গবন্ধুর ছবি, তার শয়নকক্ষসহ এ বাড়ির সবকিছু সেই রাতের বিভীষিকাকে আরও বেশি মনে করিয়ে দেয়।"
যারা এ নির্মমতার জন্ম দিয়েছে তাদেরও একইভাবে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/১৮৫৪ ঘ.
bdnews24