ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু মামলায় পাঁচ আসামির আপিল খারিজ হওয়ায় চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
দলের পক্ষ থেকে মিছিল না করার আহ্বানে বিভাগীয় শহরগুলোর অধিকাংশ স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্ত ছিলেন। রাজশাহী নগরীতে ছাত্রলীগ আন্দন্দ মিছিল ও পথ সভা করেছে। এছাড়া তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের কুশপুত্তলিকাও পোড়ায়।
এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিনের আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রইল।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ে সন্তোষ প্রকাশ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগ রায়কে স্বাগত জানিয়েছে।
চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা শোকরানা মাহফিল করেছে। খুলনায় বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্যে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেতা-কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নগরীর কোথাও কোনো মিছিল হয়নি।
রায় ঘোষণার পর দুপুরে নিউমার্কেট এলাকায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শোকরানা মাহফিলের আয়োজন করা হয়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুলসহ অন্যান্য নেতারা এতে উপস্থিত ছিলেন।
ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঙালি জাতি এতদিন রাহু গ্রাসের কবলে ছিল। এ রায়ের মধ্য দিয়ে তা থেকে মুক্ত হয়েছে। অবিলম্বে রায় বাস্তাবয়ন হবে সেটাই আমরা প্রত্যাশা করি।"
এছাড়া নগরীর বিভিন্ন কলেজে শোকরানা মাহফিলের আয়োজন করা হয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি।
"ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ এতদিন যে অসত্য ও অন্যায়ের ওপর দাঁড়িয়ে ছিল রায়ের মধ্য দিয়ে তার অবসান ঘটেছে। এটি একটি ঐতিহাসিক রায়।"
তিনি রায়ের দ্রুত বাস্তবায়ন দাবি করে বলেন, "বঙ্গবন্ধু হত্যার রায় প্রমাণ করেছে বাংলাদেশেও আইনের শাসন আছে। এ রায় সামাজ ও রাষ্ট্রে প্রভাব ফেলবে।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ আলম বলেন, "এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। রায় বাস্তবায়ন হলেও আমরা কখনোই এই কলঙ্ক থেকে পুরোপুরি মুক্ত হতে পারব না।"
রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়। নগরীর বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত ছিল।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার আগে ও পরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোন সংগঠন মিছিল বা সমাবেশও করেনি।
বরিশাল: নগরীর সদর রোডের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোকরানা মাহফিলে উপস্থিত ছিলেন- সাংসদ তালুকদার মো. ইউনুচ, আওয়ামী লীগ নেতা আফজালুল করিম, লস্কর নুরুল হক প্রমুখ।
তালুকদার মো. ইউনুচ দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
এছাড়া বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীরা মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করে।
খুলনা: দুপুরে নগরীর নূরনগর এলাকায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
আওয়ামী লী নেতারা ডিসেম্বরের মধ্যেই রায় কার্যকরের আহ্বান জানান।
রাজশাহী: মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নগরীর সাহেববাাজর এলাকায় দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করে। বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মহানগর ছাত্রলীগ রাজশাহী কলেজ চত্বর থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলটি সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভা করে। তারা কোর্ট এলাকায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের কুশপুত্তলিকাও পোড়ায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনন্দ মিছিলের উদ্যোগ নিলেও নিরাপত্তার কারণে করেনি।
রাবি উপাচার্য ড. এম আব্দুস সোবহান সন্তোষ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, "এই রায় দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এক মাইলফলক হয়ে থাকবে।"
এছাড়া রায়কে স্বাগত জানিয়েছেন রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. মোজাফফ্র হোসেন, অধ্যাপক মলয় ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থানসহ রাবিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে মহানগর পুলশের উপ-কমিশনার সরদার নুরুল আমিন জানান।
সিলেট: সিলেট নগরীর ইব্রাহিম স্মৃতি সংসদে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোকরানা মাহফিল হয়েছে।
এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম প্রমুখ।
তারা রাযে সন্তোষ প্রকাশে করে বলেন, যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করতে হবে।
এছাড়া মুন্সীগঞ্জ, গাজীপুর, চাঁদপুর, নওগাঁ, কুড়িগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতারা কর্মীরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। কুড়িগ্রামে মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। গাজীপুরে আইনজীবী সমিতি আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এফএফ/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24