ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ ফজলে নূর তাপসের ওপর হামলার ঘটনায় সেনা কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সেনাসদর।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তাপসের ওপর বোমা হামলার ঘটনায় সামরিক কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে সেনাসদর এ প্রতিক্রিয়া জানালো।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সোমবার সাংবাদিকদের বলেন, ওই হামলার ঘটনায় কোনো সেনা কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সেনাবাহিনীতে শৃঙ্খলাবিরোধী যে কোনও কর্মকাণ্ড সেনা বিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাংসদ তাপসের ওপর বোমা হামলার ঘটনায় সেনা কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে যথাযথ তদন্ত হচ্ছে। এতে সেনা কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনা সম্পর্কে নিশ্চিত না হয়ে সেনাবাহিনী সম্পর্কে অনুমান নির্ভর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে সংবাদ মাধ্যমের প্রতি অনুরোধও জানিয়েছে সেনাসদর।
গত ১৮ অক্টোবর মতিঝিলে ঢাকা-১২ আসনের সরকারদলীয় সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৮৩৫ ঘ.
bdnews24