২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপক্ষে চার কৌঁসুলির বক্তব্য উপস্থাপন

বঙ্গবন্ধু মামলায় ২৭তম দিনের শুনানিতে মঙ্গলবার রাষ্ট্রপক্ষে বক্তব্য রেখেছেন চার আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 05:12 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় ২৭তম দিনের শুনানিতে মঙ্গলবার রাষ্ট্রপক্ষে বক্তব্য রেখেছেন চার আইনজীবী। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে। আজমালুল হোসেন কিউসির বক্তব্যের মধ্য দিয়ে শুনানি শুরু হয়। এর পর একে একে বক্তব্য রাখেন তৌফিক নেওয়াজ, এ এফ এম মেসবাহউদ্দিন ও আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে সরকার যে ১৮ জন আইনজীবীকে নিয়োগ দেয়, এর চারজন তাদের মধ্যে রয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বুধবার পুনরায় বক্তব্য দেবেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার তার যুক্তিতর্ক শুনানি শেষ করেন। তার আগে আনিসুল হক একদফা শুনানি করেন। আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ২ নভেম্বর রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৪০ ঘ.