ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় ২৫তম দিনের শুনানিতে রোববার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।
অ্যাটর্নি জেনারেল সোমবারও বক্তব্য রাখবেন।
আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পর গত ২ নভেম্বর রাষ্ট্রপক্ষ শুনানি শুরু করে। সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের আগে যুক্তিতর্ক উপস্থাপন করেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০২৫ ঘ.
bdnews24