২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরও পাঁচ বিডিআর সদস্যের জবানবন্দি প্রত্যাহারের আবেদন

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও পাঁচ বিডিআর সদস্য আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও পাঁচ বিডিআর সদস্য আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুহাম্মদ মুমিনুল হাসানের কাছে তারা এ আবেদন করেন। এরা হলেন বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জলিল শেখ, নায়েক সুবেদার মো. আলাউদ্দিন, নায়েক মো. দুলাল হোসেন গাজী, হাবিলদার ইউসুফ আলী এবং সিপাই আল মাসুম। শারীরিক নির্যাতনের মাধ্যমে ইচ্ছার বিরুদ্ধে তাদের কাছ থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। শেষ দুজনের আইনজীবী দেলোয়ার হোসেন তালুকদার এদিন আদালতে উপস্থিত ছিলেন। আদালত পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে মোট ২৫ জন বিডিআর সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলেন। এদিকে সোমবার আরও দুই বিডিআর সদস্য একই বিচারকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন নায়েক দলিল উদ্দিন এবং ল্যান্স নায়েক আবদুল মজিদ। জিআর সেকশনের তথ্য অনুযায়ী, এ নিয়ে মোট ৪৭৮ জন পিলখানা হত্যাযজ্ঞ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এছাড়া এদিন বিকেলে আরও ১৪ বিডিআর সদস্যকে ১০দিন জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে নতুন করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২০৫৭ ঘ.