ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের তাগিদ সত্ত্বেও বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলায় আপিল আবেদনের ওপর যুক্তিতর্ক শুনানি শেষ করতে পারেনি আসামি পক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। এ জন্য আদালত তাকে আরও এক ঘণ্টা সময় দিয়েছে। রোববার তিনি তার বক্তব্য শেষ করবেন।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।
শুনানির শুরুতেই আদালত ব্যারিস্টার মামুনকে বৃহস্পতিবারের মধ্যেই তার বক্তব্য শেষ করার তাগিদ দেয়।
মামুন এখন আসামি একেএম মহিউদ্দিনের পক্ষে শুনানি করছেন। তা তিনি শুরু করেন বুধবার। এর আগে তিনি আরেক আসামি বজলুল হুদার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন।
আপিলকারী চার আসামির পক্ষে যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান। অপর আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি আবদুর রেজ্জাক খান।
আসামি পক্ষের যুক্তিতর্কের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বক্তব্য রাখবেন।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24