ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানিতে আদালত বুধবার একেএম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) পক্ষের কৌঁসুলিকে উদ্দেশ করে বলেছেন, "আপনি পালিয়ে বেড়ালে কীভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন? আপনাকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে (ডিপোর্ট) ফেরত না পাঠালে আদালতে আসতেন না।"
আসামি শাহরিয়ার রশিদ খানের পক্ষের কৌঁসুলির বক্তব্য শেষ হবার পর আসামি একেএম মহিউদ্দিন আহমেদের (ল্যান্সার) পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানির শুরুতেই বলেন, "আজ প্রথমবারের মতো আমার মক্কেল আদালতে কথা বলার সুযোগ পাচ্ছেন।" জবাবে আদালত ওই মন্তব্য করেন।
এ সময় আদালত ব্যারিস্টার মামুনকে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার বক্তব্য উপস্থাপন করতে বলেন।
বুধবার বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এ মামলার আপিলের শুনানিতে ব্যারিস্টার মামুন যুক্তিতর্ক উপস্থাপন করেন।
বঙ্গবন্ধু মামলার অষ্টাদশ দিনের শুনানিতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁঁসুলি আবদুর রেজ্জাক খান।
এরপর অপর আসামি একেএম মহিউদ্দিনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার কৌঁসুলি আবদুল−াহ আল মামুন। সকাল পৌনে ১০টা থেকে দেড়টা পর্যন্ত শুনানি চলে। ব্যারিস্টার মামুন বৃহস্পতিবারও বক্তব্য দেবেন। তবে তাকে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক শেষ করার তাগিদ দিয়েছে আদালত।
ব্যারিস্টার মামুন এর আগে আরেক আসামি বজলুল হুদার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন। আপিল আবেদনকারী বাকি দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান।
এ নিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত চার আসমির আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে শুনানিতে মামুন বলেন, "এই মামলার এজাহারে ল্যান্সার মহিউদ্দিনের নাম ছিল না। এই মামলায় তিনজন মহিউদ্দিন আছে। একজন আর্টিলারি, একজন ল্যন্সার এবং অপরজন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ নিয়ে গিয়েছিলেন।"
তিনি বলেন, "'মামলার বাদী তার সাক্ষ্যে ল্যান্সার মহিউদ্দিনের নাম বলেনি।"
আদালত বলেন, "বাদী এজাহারে ল্যান্সার মহিউদ্দিনের নাম বলেননি। তবে কী তার সাক্ষ্যে ল্যান্সার মহিউদ্দিনের নাম জোর করে অর্ন্তর্ভুক্ত করবেন? কে মহিউদ্দিনের নাম বলেন সেটা বলুন। কোথায় আপনি সুবিধা পাবেন সেটা উল্লেখ করুন।"
মামুন আরও বলেন, "মামলার সাক্ষী বঙ্গবন্ধুর বাড়ির গার্ড কুদ্দুস বলেছেন, শেখ কামালকে গুলি করেছেন বজলুল হুদা। তখন মহিউদ্দিন সদলবলে উপরে যান। বজলুল হুদা ও নূর দোতলায় যান। ল্যান্সার মহিউদ্দিন বঙ্গবন্ধুকে সিঁড়িতে নামিয়ে আনেন। এরপর নূর ইংরেজিতে মহিউদ্দিনকে কি যেন বলেন। মহিউদ্দিন তখন পাশে সরে যান। এ সময় বঙ্গবন্ধু হুদা ও নূরকে বলেন, 'তোরা কি চাস'। তখন বজলুল হুদা ও নূর স্টেনগান দিয়ে বঙ্গবন্ধুকে গুলি করেন। গুলি খেয়ে বঙ্গবন্ধু সিঁড়িতে পড়ে যান।"
মামুন যুক্তি উপস্থাপন করে বলেন, "স্টেনগানের গুলি ছড়রা গুলি। সিঁড়িটা ছিল অপ্রশস্ত। ওই অপ্রশস্ত সিঁড়িতে স্টেনগানের গুলি মহিউদ্দিনের গায়ে লাগার কথা। কারণ, স্টেনগানের গুলি জানালা ভেদ করে বাদী মুহিতুল ও প্রধান নিরাপত্তাকর্মী ডিএসপি নূরুল ইসলামের গায়ে লেগেছিল।"
এ সময় আদালত প্রশ্ন রেখে বলেন, "আপনি কি সিঁড়িটি দেখেছেন? সাক্ষ্যে কি সিঁড়ির দৈর্ঘ্য-প্রস্থ উল্লেখ করা হয়েছে? সিঁড়ি কতটুকু প্রশস্ত বা অপ্রশস্ত, সেটা কাল্পনিক প্রশ্ন। এই প্রশ্ন এখানে করা যাবে না। এটা ম্যাজিস্ট্রেট কোর্ট নয়। কোনো সাধারণ ধারণার বশবর্তী হয়ে কোনো বক্তব্য রাখবেন না। সাক্ষ্যপ্রমাণ ছাড়া কথা বলবেন না।"
সাক্ষ্যের গড়মিলের কথা বলছেন জানিয়ে মামুন বলেন, "আমি সাক্ষ্যের গরমিলের কথা বলছি। সাক্ষী আবদুল কুদ্দুস বলেছেন, বঙ্গবন্ধুর শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন দেখতে পাই।"
আদালত মামুনকে সতর্ক করে দিয়ে বলেন, "আপনি বলছেন, ছড়রা গুলি। এটা শরীরের বিভিন্ন জায়গায় লাগবেই। ছড়া গুলির কোনো রিপোর্ট আছে? প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না।"
মামুন বলেন, "এক সঙ্গে দুইজন গুলি করলে সিঁড়ির পাশে থাকা মহিউদ্দিনের গায়ে অবশ্যই লাগবে।"
তখন আদালত বলেন, "মহিউদ্দিন আপনার আমার মতো নবীশ নয়। সে সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্য। সে জানে স্টেনগান কি? তার গুলি কি এবং সেটা কোথায় লাগবে?"
মামুন এ সময় বলেন, "গুলি দুইটি হয়নি, ব্যাপক গোলাগুলি হয়েছে। এসব থেকে প্রমাণিত হয়েছে, মহিউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।"
অপর এক প্রসঙ্গে মামুন বলেন, "তখনো অন্ধকার ছিল। সিঁড়িতে অন্ধকার ছিল। কিন্তু সাক্ষী গার্ড কুদ্দুস কোথাও বলেনি যে সিঁড়িতে আলো ছিল। কুদ্দুুস মহিউদ্দিনকে কোথায় দেখেছে বা আগে থেকে চেনে, তা সাক্ষ্যে বলেনি। তবে জেরায় বলেছে, ইহা সত্য নয় যে মহিউদ্দিনকে চিনতাম না।"
এ সময় আদালত বলেন, "এর অর্থ আবদুল কুদ্দুস মহিউদ্দিনকে চিনত। এই বক্তব্য আপনার আসামির বিপক্ষে যায়। জেরায় আপনার আসামির পক্ষে এই প্রশ্ন করা ঠিক হয়নি।"
মামুন আরও বলেন, "সাক্ষী আবদুল গণি তার সাক্ষ্যে বলেছেন, তিনি মহিউদ্দিনকে পূর্ব দিক থেকে এসে 'হ্যান্ডস আপ' 'হ্যান্ডস আপ' বলতে বলতে গুলি করতে করতে বাড়িতে প্রবেশ করতে দেখেন। তবে তিনি মহিউদ্দিনকে গাড়িতে নামতে-উঠতে দেখেননি।
"আমার আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ নেই। শুধু বঙ্গবন্ধুকে নামিয়ে আনার অভিযোগ আছে। কিন্তু মহিউদ্দিন বঙ্গবন্ধুকে নামিয়ে আনেন নি। শনাক্তকরণের ওপর অভিযুক্ত করা কতটুকু যুক্তিযুক্ত?"
মামুন আরও বলেন, "১৯৯৬ সালে আসামিদের যখন আটক করা হল, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তখন সরকার ইচ্ছে করলে এই আসামিদের ক্রসফায়ারে দিতে পারত। কিন্তু তা না করে এখানে আইন ও মানবতার প্রশ্ন জড়িত থাকায় তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। তাই আমি যুক্তিতর্ক উপস্থাপন করতে চাই।"
এর আগে শুনানিতে শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আবদুর রেজ্জাক খান বলেন, শাহরিয়ার রশিদ হত্যাকাণ্ডের সময় বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত ছিলেন না। খালেদ মোশাররফের নির্দেশে রেডিও স্টেশনে গিয়েছিলেন। ১৫ আগস্টের চাকরির ধারাবাহিকতায় তিনি বিদেশে গিয়েছিলেন।
শাহরিয়ারের পক্ষে শুনানি শেষ পর্যায়ে রেজ্জাক খান বলেন, "১৫ বছর বয়সে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু মানুষ এখনো তাকে মনে রেখেছে।"
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষে ১৫ অক্টোবর শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএইচ/২১০০ঘ.
bdnews24