২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের দুই ছেলে ৫ দিনের রিমান্ডে

ফজলে নূর তাপসের মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি কারাবন্দী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন সময় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 09:06 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফজলে নূর তাপসের মামলায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি কারাবন্দী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন সময় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. এহসানুল হকের আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। মঙ্গলবার ভোরে মহিউদ্দিন আহমেদের দুই ছেলে মো. নাজমুল হাসান সোহেল (৩৫) ও মাহবুবুল হাসান (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনায় মহিউদ্দিন আহমেদের দুই ছেলের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন। মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দক্ষিণখান থানাধীন ৮৩৯ গাঁওয়াইর বাসা থেকে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।" এর আগে বঙ্গবন্ধু মামলায় ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ, শরিফুল হক ডালিমের ভাই কামরুল হক স্বপন ও সফিউল্লাহ সফু নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ফাঁসির আসামী সৈয়দ ফারুক রহমান ও আব্দুর রশীদের প্রতিষ্ঠিত ফ্রিডম পার্টির রহিম নামের এক কর্মীকে। তাপসের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করল। এর মধ্যে চারজন বঙ্গবন্ধু হত্যা মামলার আসামির স্বজন। সুপ্রিম কোর্টে মহিউদ্দিনসহ অন্যান্য কারাবন্দী আসামীদের আপিলের শুনানি চলছে। মেহনাজের বাবা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদ বিদেশে পলাতক। স্বপনের ভাই ডালিমও বিদেশে পলাতক। গত সপ্তাহে মতিঝিলে ঢাকা-১২ আসনের সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামীদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে। শুক্রবার ওই মামলার তদন্ত ভার গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। তাপস বঙ্গবন্ধু পরিবারের সদস্য। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তার ভাগ্নে শেখ তাপসের বাবা শেখ ফজলুল হক মনি ও তার মা আরজু মনিকেও হত্যা করা হয়। বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অন্যতম সহযোগী ব্যারিস্টার তাপস। বর্তমানে সুপ্রিম কোর্টে এ মামলার আপিল শুনানি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/১৫৩৮ঘ.