সাতক্ষীরা/খুলনা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াত মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, "এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু পরিবারের সদস্য সাংসদ ফজলে নূর তাপসের উপর বোমা হামলা হয়েছে।"
শনিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী এই কথা বলেন।
তিনি হুঁশিয়ার করে বলেন, "যত ষড়যন্ত্রই হোক বঙ্গবন্ধুর হত্যাকারীরা পার পাবে না।"
কৃষিমন্ত্রী দাবি করেন, দেশে খাদ্য ঘাটতি নেই। খাদ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণও নেই বলে তিনি মনে করেন।
আসন্ন বোরো মৌসুমে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্র"তি দিয়ে তিনি বলেন, "সরকার কৃষকদের সহায়তায় সাম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত রয়েছে।"
শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- সাংসদ এইচ এম গোলাম রেজা ও শেখ মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক প্রমুখ।
পরে কৃষিমন্ত্রী ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
দুপুরে শ্যামনগর থেকে মন্ত্রী খুলনার কয়রা উপজেলায় যান। সেখানে তিনি আইলায় ক্ষতিগ্রস্ত ৩৩৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন।
কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উপলক্ষে উপজেলার কমরউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মতিয়া বলেন, "যারা বঙ্গবন্ধু হত্যার বিচার চায় না তারাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।"
তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, "একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে চলেছে।"
মন্ত্রী আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণে কোনো প্রকার ত্র"টি বা অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে নজর রাখতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।
কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জিএম মহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এতে আরও বক্তব্য রাখেন- সাংসদ সোহরাব আলী, মোল্লা জালাল উদ্দিন ও শেখ মুজিবুর রহমান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24