ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার সংক্ষিপ্তসার দেরিতে জমা দেওয়ায় আপিল শুনানি করা থেকে রাষ্ট্রপক্ষকে বিরত রাখতে আসামি পক্ষের করা আবেদন খারিজ করেছে আপিল বিভাগ।
আসামি সৈয়দ ফারুক রহমানের কৌঁসুলি গত ২৯ সেপ্টেম্বর ওই আবেদন করেছিলেন।
বুধবার সকালে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে ত্রয়োদশ দিনের শুনানির শুরুতেই আপত্তি আবেদনের শুনানি হয়।
ফারুকের কৌঁসুলি খান সাইফুর রহমান আদালতে বলেন, "এ মামলায় ২০০৭ সালের ২৩ অক্টোবর আদালতে লিভ (আপিল মঞ্জুরের আদেশ) নথিভুক্ত হয়। বিধি অনুযায়ী, লিভ মঞ্জুরের ৩০ দিনের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
"কিন্তু সরকার তা জমা দিয়েছে গত ২৩ সেপ্টেম্বর। ফলে সরকার শুনানিতে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে।"
খান সাইফুর তার একটি লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন।
এর জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "এ বিধি আদালতের সুবিধার জন্য, এটা বাধ্যতামূলক নয়।"
তিনি বলেন, সরকার সঠিক সময়ের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে পারেনি। কিন্তু আদালত এই সংক্ষিপ্তসার জমা নিয়েছে। এর অর্থ আদালত সরকারের জমা দেওয়া সংক্ষিপ্তসার গ্রহণ করেছে।
তিনি বলেন, সংক্ষিপ্তসার জমা দেওয়ার বিলম্ব ক্ষমা করে দিয়ে আদালত তা গ্রহণ করতে পারে।
এ বিষয়ে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের উচ্চ আদালতের বিভিন্ন নজির উপস্থাপন করেন।
বঙ্গবন্ধু মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি মামলার নজির তুলে ধরে বলেন, "সারসংক্ষেপ দেরিতে জমা দেওয়ায় মামলার কোনও ক্ষতি হয়নি। তা জমা দেওয়া না হলেও মামলার কোনও ক্ষতি হয় না।"
এরপর খান সাইফুর রহমান বলেন, "সারসংক্ষেপ বিলম্বে জমা দেওয়ার বিষয়ে যে নজিরগুলো উপস্থাপন করা হয়েছে, তার সবই দেওয়ানি মামলার নজির। কিন্তু এটি ফৌজদারি মামলা।"
আবেদনটির ওপর সোয়া এক ঘণ্টা শুনানির পর আদালত তা খারিজের আদেশ দিয়ে বলে, সংক্ষিপ্তসার বিলম্বে জমা দেওয়ার বিষয়ে আপত্তির আবেদন খারিজ করা হল।
খান সাইফুর এরপর ফারুকের নির্দোষিতার পক্ষে তার যুক্তিতর্ক উপস্থাপন করেন।
শুনানিতে তিনি বলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছে। এ বিষয় নিষ্পত্তির জন্য তখন তৃতীয় বিচারপতির কাছে যাওয়া হয়; তৃতীয় বিচারপতি সমস্ত মামলার বিচার না করে কেবল ছয় জনের বিষয়ে নিষ্পত্তি করেছেন।
তিনি এ বিষয়ে বাংলাদেশের আপিল বিভাগের মহিম মন্ডল ও ভারতের শরৎচন্দ্র মামলার রায়ের নজির তুলে ধরে বলেন, দ্বিধাবিভক্ত রায় হলে তৃতীয় বিচারপতির কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য যাবে। তৃতীয় বিচারপতির রায়ই চূড়ান্ত। তবে তৃতীয় বিচারপতিকে পুরো মামলার বিচার করতে হবে।
তৃতীয় বিচারপতি নিজস্ব এখতিয়ারে রায় দেওয়ার অধিকার রয়েছে জানিয়ে এর পক্ষে খান সাইফুর ভারতের সাজ্জান সিং, হেতুভা বনাম রাজস্থান মামলাসহ কয়েকটি মামলার নজির তুলে ধরেন।
খান সাইফুর বলেন, তৃতীয় বিচারপতি ছয় আসামির বিষয় বিচার করে রায় দেন। বাকি নয় আসামির বিষয়ে তিনি কোনও পর্যালোচনা করেননি। তৃতীয় বিচারপতি ছয় আসামির তিন জনকে খালাস দিয়ে তিন জনের দণ্ড বহাল রাখেন। তবে তিনি রায়ের শেষে ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
ফারুকের কৌঁসুলি আরও বলেন, এ মামলায় তিন আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমলে নেওয়ার বিষয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দ্বিমত ছিল। তৃতীয় বেঞ্চ একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমলে নেন।
সকাল পৌনে ১০টায় শুনানির শুরুতেই আসামি বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের সংবাদ মাধ্যমে মঙ্গলবারের বক্তব্য বিষয়ে আদালত বলেন, তিনি আদালতে যে বক্তব্য দেননি তা সংবাদ মাধ্যমে দিয়েছেন। এ মামলার বিষয়বস্তু নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য সবাইকে বলা হয়েছিল।
এরপর দুপুরে ব্যারিস্টার মামুনকে ডেকে আদালত বলেন, "এ মামলা বিচারের জন্য আবার নিু আদালতে পাঠানোর বিষয়ে আপনি কী আদালতে কোনও বক্তব্য রেখেছিলেন? এ বিষয়ে শুনানিতে কোনও বক্তব্য না রেখে কেন সংবাদ মাধ্যমে বলেছেন?"
ব্যারিস্টার মামুন তখন তার বক্তব্যের জন্য আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
দুপুর পৌনে ২টায় শুনানি শেষ হওয়ার পর খান সাইফুর রহমান সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
পরে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচারাধীন বিষয়ে কোনও কথা বলব না।"
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির পর সাংবাদিকদের বলেন, সংক্ষিপ্তসার দেরিতে জমা দেওয়ায় আসামি পক্ষ রাষ্ট্র পক্ষকে শুনানিতে অংশ নেওয়া থেকে বারিত করতে পারে না। আসামি পক্ষে দায়ের করা আবেদন আদালত নাকচ করে দিয়েছে।"
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
২০০৭ সালের ২৩ সেপেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একেএম মহিউদ্দিন।
মৃত্যুদণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচসি/এমআই/১৭৩৫ ঘ
bdnews24