ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল দাবি করে এ মামলার আসামি পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত।
তবে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে তার মক্কেল বজলুল হুদা নির্দোষ।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার বঙ্গবন্ধু মামলার আপিল আবেদনের ওপর যুক্তিতর্ক শুরু হয়।
বজলুল হুদার পক্ষে তার কৌঁসুলি ব্যারিস্টার মামুন যুক্তিতর্ক উপস্থাপন করেন।
হুদার বিষয়ে মামলার সাক্ষ্যপ্রমাণের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যার সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। বঙ্গবন্ধু নিহত হয়েছেন, তবে হত্যাকাণ্ডের সময় বজলুল হুদার উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতদৃষ্টিতে বজলুল হুদাকে খুনী বলা হলেও তিনি ছিলেন নির্দোষ।"
তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতো। তিনি আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধু আমাদেরকে সংগ্রাম করতে শিখিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ রকম ব্যক্তিত্বের মানুষ বঙ্গবন্ধুকে মুখে কাপড় না বেঁধে কেউ হত্যা করতে আসতে সাহস পাওয়ার কথা নয়।"
বজলুল হুদার নির্দোষিতার সপক্ষে যুক্তি তুলে ধরে ব্যারিস্টার মামুন বলেন, "মামলার বাদি তার জবানবন্দিতে বলেছেন, আসামিরা খাকী পোশাকে এসেছিলেন। তবে বঙ্গবন্ধুর বাড়িতে পুলিশের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ডিএসপি নূরুল ইসলাম বলেছিলেন, আসামিদের মুখে কালো কাপড় ছিলো।
"কিন্তু নিু আদালত ও হাইকোর্টের রায়ে বিষয়টি উল্লেখ না করে এড়িয়ে যাওয়া হয়েছে। হাইকোর্টের দুই বিচারপতিও বজলুল হুদার প্রসঙ্গ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। এটি ন্যায়বিচারের পরিপন্থী।"
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ আগস্ট বেঞ্চ গঠনের পরদিন কড়া নিরাপত্তার মধ্যে শুনানি শুরু হয়। বুধবার শুনানির অষ্টম দিন পর্যন্ত মামলার পেপার বুক উপস্থাপন করেন ব্যারিস্টার মামুন।
ব্যারিস্টার মামুন সকাল ৯টা ৩৭ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত তার বক্তব্য উপস্থাপন করেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই আদালতের দিনের কার্যক্রম সম্পন্ন হয়। আগামী রোববার তিনি আবার বক্তব্য রাখবেন।
ব্যারিস্টার মামুন আদালতে বলেন, "ঘটনার সময় বঙ্গবন্ধুর বাড়িতে এক বাক্সে এক হাজার রাউন্ড গুলি ছিল। এই গুলি দিয়ে হামলাকারীদের কয়েকঘণ্টা প্রতিরোধ করা যেত। কিন্তু বাড়িতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাসদস্য কুদ্দুস গুলি করতে চাইলেও কোনও গুলি পাননি। তাহলে এক হাজার গুলি গেল কোথায়? তবে অপর সাক্ষী হাবিলদার আবদুল গণি তার সাক্ষ্যে বলেছেন, ১৪ আগস্ট আসামি আবদুল ওহাব জোয়ারদার নতুন গুলি দেওয়ার কথা বলে পুরনো গুলি নিয়ে যান।"
আদালত তখন ব্যারিস্টার মামুনকে প্রশ্ন করেন, আপনার বক্তব্যে স্ববিরোধী। আপিল বিভাগে কি এ ধরনের যুক্তিতর্ক হয়? আপনি কী যুক্তিকে এসব প্রসঙ্গ টানছেন?
জবাবে মামুন বলেন, "আসামি বজলুল হুদার ঘটনার সময় উপস্থিত ছিল কি না, এ বিষয়টি দেখানোর জন্য এসব যুক্তি তুলে ধরছি। আমি দেখাতে চাই, বজলুল হুদা সেখানে উপস্থিত ছিলেন না।"
ব্যারিস্টার মামুন বলেন, "সাক্ষী কুদ্দুস বলেছেন, ঘটনার দিন ভোর ৫টায় তিনি বঙ্গবন্ধুর বাড়িতে আসেন। সকাল ৬টায় গার্ড পরিবর্তনের কথা থাকলেও ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর যোগ দেওয়ার কথা থাকায় তিনি এক ঘণ্টা আগে ডিউটিতে চলে আসেন। কিন্তু ওই বাড়ির প্রধান নিরাপত্তা আবুল বাসার সাক্ষ্যে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর যোগ দেওয়ার বিষয় সম্পর্কে তিনি অফিসিয়ালি জানতেন না।"
আদালত বলেন, "মামলার বাদী মহিতুল ইসলাম ও ডিএসপি নূরুল ইসলাম সাক্ষ্যে বলেছেন, তারা দেখেছেন- শেখ কামালকে গুলি করেছে বজলুল হুদা।"
ব্যারিস্টার মামুন তখন বলেন, "বাদি ও ডিএসপির সাক্ষ্যের মধ্যে বৈপরিত্য রয়েছে। একজন বলেছেন, সেনাবাহিনীর খাকি পোশাক পরা সেনারা গুলি চালিয়েছে। অপরজন বলেছেন, গুলি চালিয়েছে কালো পোশাক পরা সেনারা। গুলি করার আগে শেখ কামাল বলেছেন, আর্মি ভাইরা আপনার ভেতরে আসেন। তিনি (কামাল) মহিতুল ইসলামকে বলেন, তাদের বলেন- আমি বঙ্গবন্ধুর ছেলে। তখন তারা শেখ কামালকে গুলি করে। তিনি মহিতুলের পায়ের কাছে এসে পড়ে যান। তারা বাদির হাঁটুতে এবং ডিএসপির পায়ে গুলি করে। পরে শেখ কামালকে আবার গুলি করে।"
ব্যারিস্টার মামুন বলেন, "গুলি করা নিয়েও সাক্ষীদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। এ থেকে বলা যায়, বজলুল হুদা সেখানে উপস্থিত ছিলেন না।"
"হত্যাকাণ্ড শেষ হওয়ার পর বজলুল হুদার বলা 'অল আর ফিনিশড'- এ কথা নিয়েও তিন ধরনের বক্তব্য রয়েছে", বলেন তিনি।
মামুন বলেন, "বাদি তার জবানবন্দিতে বলেছেন, তিনি বিভিন্ন আলোচনা ও পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছেন, সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বাদি তখন আসামি বজলুল হুদার নাম বলেননি।
"মহিতুল ইসলাম সাক্ষ্যে আরও বলেছেন, আরিচাঘাটে ফেরিতে ১৯৭৩ সালে একদিন বজলুল হুদার সঙ্গে তার পরিচয় হয়। তারা একসঙ্গে সেখানে ভাত খান। বঙ্গবন্ধুর বাড়িতে সেনাবাহিনীর সদস্যদের তদারকি করতে তিনি (হুদা) আসতেন।
মামুন বলেন, "বজলুল হুদা তখন সেনাবাহিনীর একজন জুনিয়র কর্মকর্তা ছিলেন। এই লেভেলের একজন কর্মকর্তাকে ওই একদিন দেখে তার (বাদি) মনে রাখার কথা নয়। আর বঙ্গবন্ধুর বাড়িতে হুদার তদারকি করতে আসার কথা নয়।"
মামুন বলেন, "ঘটনার সময় নিয়ে বিভিন্ন সাক্ষী বিভিন্ন কথা বলেছেন। সাক্ষী কুদ্দুস তার সাক্ষ্যে বলেন, ঘটনার দিন সকালে বিউগলের সুরে সুরে জাতীয় পতাকা তোলা হয়। ওই বাড়ির কাজের ছেলে রমা বলেছে, ঘটনার দিন বঙ্গবন্ধুর বাড়িতে কোনও বিউগল বাজতে শোনেনি। পতাকা উঠানো নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। তাছাড়া এক সাক্ষী বলেছে, ওই সময় অন্ধকার ছিল। অপর সাক্ষী বলেছে, সব বেশ পরিষ্কার দেখা গিয়েছিল।"
আদালত বলেন, ফজরের নামাজের পরে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হন, তখন দুইশত গজ দূর পর্যন্ত দেখা যায়।
মামুন বলেন, ঘটনার ২১ বছর পর ১৯৯৬ সালে মামলা দায়ের হয়। এরও দুই বছর পর বাদি মহিতুল আদালতে সাক্ষ্য দেন। বজলুল হুদা যে গুলি করে- ঘটনার এতদিন পর এ সাক্ষ্য নিছক বানোয়াট।
তখন আদালত বলেন, এসব বিষয় নিু আদালতের বিচারের সময় কেন উপস্থাপন করা হয়নি।
জবাবে মামুন বলেন, "বজলুল হুদার অনুপস্থিতিতে বিচার হয়েছে। তার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী তিন বার পরিবর্তন করা হয়েছে।"
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে ১৮ জন আইনজীবীকে ইতোমধ্যে নিয়োগ দিয়েছে সরকার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।
এ বছরের মাঝামাঝিতে আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনাানি শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মহিউদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ কয়েকজন পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24