ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছিলো কুমিল্লায়। যড়যন্ত্র চূড়ান্ত রূপ পায় ঢাকা সেনানিবাসের বালুরঘাটে। আর চূড়ান্ত পরিণতি ঘটে খন্দকার মোশতাকের মন্ত্রিসভা গঠনের মাধ্যমে।
বঙ্গবন্ধু মামলার পঞ্চম দিনের শুনানিতে রোববার এ কথা শুনেছে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ।
দুই দিন বিরতির পর এ মামলার আপিল শুনানি রোববার আবার শুরু হয়। সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ মামলায় হাইকোর্টের বিচারপতি এ বি এম খায়রুল হকের রায় পড়েন। তিনি পেপারবুকের ১১৪০ পৃষ্ঠা থেকে ১২৪০ পৃষ্ঠা পর্যন্ত পাঠ করেন।
শুনানির পর রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ে বিচারপতি এবিএম খায়রুল হক সকলপক্ষের যুক্তি তুলে ধরেছেন। রায়ে কিছু কিছু আইনের ধারা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের মামলার নজির তুলে ধরা হয়েছে। রায়ে তৎকালীন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির বক্তব্য তুলে ধরা হয়েছে।
"সাক্ষ্যপ্রমাণ ও আইনজীবীদের বক্তব্যে বিচারপতি এবিএম খায়রুল হক দেখতে পান খন্দকার মোশতাক আহমেদের কুমিল্লার দাউদকান্দির বাড়ি ও কুমিল্লার র্বার্ড (পল্লী উন্নয়ন একাডেমি) থেকে ষড়যন্ত্রের শুরু হয়। এ মামলার এজাহারে সুলতান শাহরিয়ার রশিদ খান ও মাহবুবুল আলম চাষী এক টেবিলে বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন বলে উল্লেখ আছে। এরই ধারাবাহিকতায় পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটে।"
আনিসুল হক আরও জানান, সাক্ষ্যপ্রমাণে বিচারপতি এ বি এম খায়রুল হক দেখতে পান, এই হত্যাকাণ্ডটি যথেষ্ট পরিকল্পনাভিত্তিক ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে। এখানে কিছু কিছু আসামি সরাসরি যুক্ত না থাকলেও ১৯৭৫ সালের মার্চ থেকে ষড়যন্ত্র শুরু হয়। ১৫ আগস্ট হত্যাকান্ডের মাধ্যমে তা বাস্তব রূপ নেয়।
"তৎকালীন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিরাজুল হকের বক্তব্যে আছে, ডেপুটি চীফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয় জিয়াউর রহমানকে। মোশতাকের সঙ্গে এ মামলার আসামি সেনা কর্মকর্তাদের কুমিল্লার বার্ডে একাধিক বৈঠক হয়। সেখানে এই ষড়যন্ত্র লালন করা হয়। ষড়যন্ত্রের চুড়ান্ত রূপ পায় সেনানিবাসের বালুর ঘাটে।"
হাইকোর্টের রায় উদ্ধৃত করে আনিসুল হক বলেন, "পঁচাত্তরের মার্চে যে ষড়যন্ত্রের শুরু হয়, তার চূড়ান্ত পরিণতি হয় মোশতাক আহমেদের মন্ত্রিসভা গঠনের মাধ্যমে।"
আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানির পর সাংবাদিকদের বলেন, "বিচারপতি এ বি এম খায়রুল হকের রায় পাঠ করা চলছে। ষড়যন্ত্রের ব্যাপারে বক্তব্য দেওয়া হয়েছে। আসামিপক্ষ থেকে বলা হয়েছে তারা কোন ষড়যন্ত্র করেননি।"
তিনি বলেন, "যখন একটি ঘটনা হত্যা মামলায় পরিনত হয় তখন আর ষড়যন্ত্রের কোন অভিযোগ হবে না। কারণ, দুটি অভিযোগের শাস্তিই মৃত্যুদণ্ড। কিন্তু বিচারপতি এ বি এম খায়রুল হক তার রায়ে এটি মেনে নেননি। তিনি তার রায়ে বলেছেন, ষড়যন্ত্র হয়েছে। এ ষড়যন্ত্রের জন্য আলাদা অভিযোগ হবে।
ব্যারিস্টার মামুন বলেন, "আসামি বজলুল হুদার পক্ষ থেকে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আলাদা বিচারের কথা বলা হয়েছিল। কিন্তু তা করা হয়নি।"
ব্যারিস্টার মামুন বলেন, "বিচারপতি এ বি এম খায়রুল হক এ মামলার সাক্ষী তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল সফিউল্লাহর উদ্ধৃতি দিয়ে তার রায়ে বলেছেন, ১৯৭২ সালের ৭ এপ্রিল সফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়। তার চেয়ে এক স্তর ওপরে ছিলেন জিয়াউর রহমান। এ নিয়ে জিয়াউর রহমানের মনে অসন্তোষ ছিল।
"এ ছাড়া তখন অস্ত্র উদ্ধারের নামে অপ্রীতিকর ঘটনাও ঘটে। পুলিশকে সহযোগিতার জন্য রক্ষীবাহিনী করা হয়। কিন্তু অপপ্রচার চালানো হয়েছিল যে সেনাবাহিনীর বিকল্প হিসেবে এই বাহিনী গঠন করা হয়। একটি স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালায়।
ব্যারিস্টার মামুন আরও বলেন, "কর্নেল তাহের মুক্তিযুদ্ধে তার পা হারান। মুক্তিযোদ্ধা বিবেচনায় এই অসামর্থ্যের পরও তাকে সেনাবাহিনীতে রাখা হয়। ১৯৭৪ সালের শুরুর দিকে কর্নেল তাহের সফিউল্লার কার্যালয়ে যান। সফিউল্লাহকে সেনাপ্রধানের দায়িত্ব জিয়ার ওপর ছেড়ে দিতে বলেন। তখন কর্নেল জিয়াউদ্দিন সরকারের সমালোচনা করে একটি নিবন্ধ লেখেন। সফিউল্লাহ তাকে এই নিবন্ধটি প্রত্যাহার করতে বলেছিলেন। সফিউল্ল্াহ কর্নেল জিয়াউদ্দিনকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে যান। কিন্তু জিয়াউদ্দিন নিবন্ধটি প্রত্যাহার না করায় সফিউল্লাহ তাকে বরখাস্ত করেন।
কড়া নিরাপত্তার মধ্যে সুপ্রিম কোর্টের ২ নম্বর বিচার কক্ষে এ মামলার শুনানি হয়। শুরুর দিন ৩ নম্বর বিচার কক্ষে শুনানি হলেও পরে তা ২ নম্বর বিচার কক্ষে স্থানান্তর করা হয়। ২ নম্বর কক্ষটি আগেরটির চেয়ে বড়।
এরআগে বৃহস্পতিবার পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহমেদ (আর্টিলারী) যে জবানবন্দি দিয়েছেন বৃহস্পতিবার তা শোনে আপিল বিভাগ।
বঙ্গবন্ধু মামলার আপিলের বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে আইনজীবীদের ইতোমধ্যে সতর্ক করেছে আদালত। পাশাপাশি এ বিষয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্যও গণমাধ্যমকে বলা হয়।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ আগস্ট বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
এ মামলায় অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করছেন ১৮ জন আইনজীবী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।
আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদসহ বাকিরা পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এসএইচ/২০৩১ ঘ.
bdnews24