ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলায় সরকারপক্ষের আপিলের সংক্ষিপ্তসার দায়েরে বিলম্বের আপত্তি জানিয়ে করা আবেদন মঙ্গলবার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিস্পত্তির শুনানির প্রথমদিন শেষে আসামি বজলুল হুদা ও ল্যান্সার একেএম মহিউদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের একথা জানান।
সরকার পক্ষ সঠিকভাবেই সার-সংক্ষেপ জমা দিয়েছে বলে জানিয়ে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানির অপেক্ষায় ছিল গোটা জাতি। এ শুনানি শুরুর মধ্য দিয়ে সে অপেক্ষার পরিসমাপ্তি হলো।"
সোমবার সকাল পৌনে ১০টায় আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। এ সময় আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়।
মঙ্গলবারও শুনানি চলবে।
শুনানি শেষে ব্যারিস্টার মামুন সাংবাদিকদের বলেন, "শুনানিতে সৈয়দ ফারুক রহমানের পক্ষে তার কৌঁসুলি খান সাইফুর রহমান সরকারপক্ষের সংক্ষিপ্তসার দায়েরে বিলম্বের আপত্তি জানিয়ে করা আবেদন আদালতের কার্যতালিকায় না আসার বিষয়টি আদালতকে জানিয়েছেন।
"এসময় আদালত জানায়, এ আবেদনটি মঙ্গলবারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে। এছাড়া যে পাঁচ যুক্তিতে আপিল বিভাগ এর আগে লিভ টু আপিল মঞ্জুর করেছিল, তার ওপরই শুনানি করতে হবে।"
ব্যারিস্টার মামুন আদালতে বলেন, "এই পাঁচ যুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অপর যুক্তিগুলো আদালতে উপস্থাপন করা প্রয়োজন।"
তিনি বলেন, "আপিল বিভাগ এ মামলায় আপিলের সংক্ষিপ্তসার ও লিভ টু আপিল মঞ্জুর করে যে আদেশ দিয়েছিল, শুনানিতে আজ (সোমবার) তা উপস্থাপন করেছি। এছাড়া পেপারবুকের ৬০৮-৬৯১ পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেছি।"
পেপারবুকে মোট এক হাজার ৫শ' ৩০ পৃষ্ঠা রয়েছে বলেও জানান তিনি।
মামুন বলেন, "হাইকোর্টের যে তিনজন বিচারপতি রায় দিয়েছিলেন তার মধ্যে বিচারপতি মো. রুহুল আমিনের দেওয়া রায়ের বেশ কিছু অংশ উপস্থাপন করেছি শুনানিতে। রায়ে বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, আসামি সৈয়দ ফারুক রহমান, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও সুলতান শাহরিয়ার রশিদ খান স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন তা স্বেচ্ছাপ্রণোদিত নয়।
"স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট ফরমের তিনটি কলাম পূরণ করেননি। কিন্তু এটি পূরণ করা বাধ্যতামূলক ছিল।
"বিচারপতি রুহুল আমিনের মতে, এ তিনটি জবানবন্দি আইনের দৃষ্টিতে কোনো জবানবন্দিই না।"
মামুন সাংবাদিকদের আরও বলেন, "হাইকোর্টের যে তিনজন বিচারপতি রায় দিয়েছিলেন, তার মধ্যে এক বেঞ্চের দুই বিচারপতি বিভক্ত রায় দেন। তিন বিচারপতির রায়ই আদালতের সামনে উপস্থাপন করা প্রয়োজন। কারণ, আপিল বিভাগের বিচারপতিদের এই ওই রায়ের বিষয়ে জানানো প্রয়োজন।"
শুনানির সময় আদালতে অ্যাটর্নি জেনারেল ও সরকারের নিযুক্ত অন্যান্য আইন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
শুনানির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের আরও বলেন, " সোমবার পেপারবুক পড়া শুরু হয়েছে। তিনজন বিচারপতির রায় পড়ে শোনানো হচ্ছে। রায় পড়া শেষ হলে আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক তুলে ধরবে।"
অ্যার্টনি জেনারেল বলেন, "এটি একটি জঘন্য হত্যাকাণ্ড। ইতিহাসে এমন হত্যাকাণ্ডের নজিরবিহীন। আইন করে এ হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল। হত্যাকারীদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল।"
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন "বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের শুনানি শুরু হয়েছে। এখন পেপারবুক পড়া হচ্ছে।"
সোমবার সকালে বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
রোববার বেঞ্চটি গঠন করেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন।
বেঞ্চ গঠনের পর এ মামলার আপিল শুনানি এ বছরের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি রোববার সাংবাদিকদের বলেন, "বহুদিন ধরে এ মামলার শুনানির প্রতীক্ষা করছিলাম। শুনানি শুরু ও শেষ হলে জাতি স্বস্তি পাবে।"
মাহবুবে আলম জানান, এ মামলায় সহায়তায় অ্যাটর্নি জেনারেলের দপ্তরের অন্তত ১০ জন আইন কর্মকর্তার একটি দল কাজ করবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের বেঞ্চ গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। কাল (সোমবার) থেকে শুনানি শুরু করা যাবে।"
রাষ্ট্রপক্ষ এ মামলার সংক্ষিপ্তসার নির্দিষ্ট সময়ে আপিল বিভাগে জমা দেয়নি বলে স
bdnews24