দুদকের মামলায় জামিন মেলেনি শিবলী রুবাইয়াতের
“ব্যক্তিগত একটা চুক্তির বিষয়ে দুদক মামলা করেছে,” বলেন শিবলী রুবাইয়াতের আইনজীবী।
ঘুষের মামলায় জামিন পাননি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ বৃহস্পতিবার তার জামিন আবেদন নাকচ করে দেন।
দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এদিন সকাল ১০টার দিকে তাকে ঢাকা মহানগর আদালতের হাজত আনা হয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এজলাসে তোলা হয় তাকে। পরে আসামি পক্ষের আইনজীবী আসিফুর রহমান জামিন চেয়ে শুনানি করেন।
শুনানিতে তিনি বলেন,"শিবলী রুবাইয়াতের গাজীপুরে একটা পৈত্রিক জায়গা আছে। ২০২১ সালে পিতার জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের সঙ্গে ল্যান্ড ডেভেলপমেন্ট ও ভাড়া নেওয়ার জন্য চুক্তি করেন। সে চুক্তি অনুযায়ী টাকাটা এসেছে। পরে আরেকজন অবজেকশন জানিয়ে ওই টাকার দাবি করেন। এটা নিষ্পত্তির জন্য আদালতে মামলা হয়।"
তিনি আরও বলেন,"এটা মূলত আমাদের ব্যক্তিগত একটা চুক্তি। এছাড়া সিকিউরিটিজে জেলার ব্রোকারিজ হাউজে অনৈতিক সুবিধা দিয়ে লাইসেন্স দেওয়ার কথা এসেছে। এখানে তো অনৈতিক সুবিধা দেওয়ার কিছু নেই।
“ঢাকা স্টক এক্সচেঞ্জে আবেদন করবে, টাকা জমা দিবে। প্রক্রিয়া হয়ে আসবে। এখানে যারাই প্রক্রিয়া মেনে আবেদন করবে, তারাই সুবিধা পাবে। এখানে তো অনৈতিক সুবিধা দেওয়ার কিছু নেই। আমরা ওনার জামিন চাচ্ছি।"
পরে শিবলী রুবাইয়াত কথা বলার জন্য আইনজীবীর মাধ্যমে অনুমতি চান। কিন্তু আদালত আইনজীবীর উদ্দেশ্য বলেন,"আপনি ওনার পক্ষে যথেষ্ট বলেছেন।"
দুদকের পক্ষে দেলোয়ার জাহান রুমি জামিনের বিরোধিতা করেন।
এরপর আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় গত ১০ অগাস্ট রাতে বিএসইসি চেয়ারম্যানের পদ ছাড়েন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করা অধ্যাপক শিবলীকে জুলাই আন্দোলনের কয়েকটি মামলাতে আসামি করা হয়েছে।
এসব মামলায় গত ৪ ফেব্রুয়ারি তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
