Published : 26 May 2026, 09:38 PM
ঈদযাত্রার শুরু থেকেই এবার ভোগাচ্ছে বৃষ্টি, ঈদ পেরিয়ে আগামী শনিবার পর্যন্ত এই প্রবণতা চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপন করবে বাংলাদেশের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে জানিয়ে তিনি বলেন, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায়, বিশেষ করে রংপুর বিভাগ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।
ঈদের দিন ঢাকা শহরের আবহাওয়া কেমন থাকবে জানতে চাইলে তরিফুল নেওয়াজ বলেন, “ঈদের দিন সকাল ও বিকালের দিকে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। সেদিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।”
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে ঢাকায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঈদের সকালে বৃষ্টি হলে নামাজ পড়তে গিয়ে বিপত্তিতে পড়বে মানুষ। পাশাপাশি পশু কোরবানি দেওয়া এবং মাংস কাটার কাজে জটিলতা বেড়ে যাবে। রাস্তার পাশে পশু কোরবানির রক্ত ও বর্জ্য বৃষ্টির পানিতে ধুয়ে ড্রেনে গিয়ে পড়বে।
কয়েক বছর আগে কোরবানির ঈদের দিন প্রবল বর্ষণে শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা তৈরি হলে তাতে পশুর রক্ত মিশে সড়ক পরিণত হয় ‘রক্তের নদীতে’।
অবশ্য দুপুরের পর বৃষ্টি হলে রাস্তা ধুয়ে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ কিছুটা সহজ হয়, দুর্গন্ধও কিছুটা কমে।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে, প্রতিদিনই বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে হালকা দমকা বা ঝড়ো হাওয়া ও বিদুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আর শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।