পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় সহায়তার ‘প্রতিশ্রুতি’
ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, “ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে।”
পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রতিনিধি দল।
মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, “বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতির অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
“এই সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।”
ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, “ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে।”
এছাড়া তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
ইটভাটায় অভিযান চালিয়ে সোয়া ১ কোটি টাকা জরিমানা
বায়ুদূষণ করে এমন অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ মন্ত্রণালয়।
মঙ্গলবার চারটি মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি ইটভাটা থেকে এ জরিমানা আদায় করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া ১১টি ইটভাটার চিমনি ভেঙে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দুটি ইটভাটা বন্ধের নির্দেশা দেওয়া হয়েছে।
পাশাপাশি একটি চারকোল ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা আর একটি চারকোল ফ্যাক্টরি উচ্ছেদ করে কারখানার কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
