Published : 14 Jan 2026, 02:34 PM
সরকার পতনের দিন মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
সাবেক এই এমপিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ইন্সপেক্টর মো. মিজানুর রহমান।
শুনানির সময় এদিন তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
মামলার বিবরণে বলা হয়েছে, “৫ অগাস্টে মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বেলা আড়াইটার দিকে ছাত্রজনতা মিছিল নিয়ে যাওয়ার সময়ে আসামিদের নির্দেশে তাদের দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত আক্রমণ চালায়।

“তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, রাইফেল, শটগান, পিস্তলের গুলি ছোড়ে এবং ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়। সে সময় আসামিদের গুলিতে শ্রাবণ আহত হন। চিকিৎসার জন্য রিকশায় করে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় শ্রাবণের ভাই মোস্তফিজুর রহমান বাপ্পী গত বছরের ২৭ মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। মোস্তফা জালাল মহিউদ্দিন এই মামলার আসামি।
গত বছরের ২০ জানুয়ারি মোহাম্মদপুর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে ১৯৯১ সালে তিনি ঢাকা-৮ থেকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপির মীর শওকত আলীর কাছে এবং ২০১৪ সালের নির্বাচনে ঢাকা-৭ থেকে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে পরাজিত হন।
১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এর নির্বাচিত মহাসচিব ছিলেন। ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
২০২২ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।