১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেড় মাসের মাথায় ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

নিউ মার্কেট থানার উদ্যোগে বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার’ করে মৌখিক ‘শান্তি চুক্তির’ পর দুই দফা সংঘর্ষ হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 03:22 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

প্রায় দেড় মাসের মাথায় আবার সংঘর্ষে জড়াল রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডির আইডিয়াল কলেজ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় 

কলেজ দুটির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। 

এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব।

পরে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য এসে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে যার যার ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। এ সময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

শিক্ষার্থীদের এই সংঘর্ষের কারণে সে সময় সায়েন্সল্যাব মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, “বেলা ১২টার দিকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এরপর সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়।”

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি-না সেই তথ্য পুলিশের কাছে নেই বলে জানান তিনি।

কী কারণে এই সংঘর্ষ জানতে চাইলে ওসি বলেন, “তারা কী কারণে লেগেছে, তারাই বলতে পারবে। কয়দিন পর পর কেন তারা এমন করে আমাদের জানা নেই।”

কোনো ধরনের ঝামেলা বা বিবাদে না জড়াতে ‘অঙ্গীকার করার’ ঠিক এক মাসের মাথায় গেল ৯ ডিসেম্বর সংঘর্ষে জড়ায় কলেজ দুটির শিক্ষার্থীরা।

তার এক মাস আগে ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে ঝামেলা বা বিবাদে না জড়ানোর ‘অঙ্গীকার করে’ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ‘শান্তি চুক্তি’ হয়।

রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। কখনও কখনও তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

শিক্ষার্থীদের এই সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যেমন বিপাকে পড়তে হয়, তেমনি, ভোগান্তিতে পড়তে হয় রাস্তায় চলাচলকারীদেরও।