১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএসসি: মেয়েদের পেছনেই থাকল ছেলেরা

গত আট বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:43 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

এ বছরও পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

চলতি বছর ৭১ দশমিক ০৩ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

এবার পূর্ণাঙ্গ জিপিএ অর্থাৎ পাঁচ এ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। তাদের মধ্যে ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র; আর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী।

সেই হিসেবে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। 

গত আট বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ২০২৪ সালে ৮৪ দশমিক ৪৭ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করে, যেখানে ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ।

গতবার জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র; আর ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী ছিলেন। 

এবার ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন।

১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

বৃহস্পতিবার দুপুরে ২টায় একযোগে ফল প্রকাশ করে দেশের ১১টি শিক্ষা বোর্ড।

অন্যান্য বছরের মত ফল প্রকাশের আগে সরকার প্রধানের হাতে পরিসংখ্যান তুলে দেওয়ার অনুষ্ঠানিকতা এবার ছিল না। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

গত বছরের মত এবারও পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা হয়েছে।