মাদক রুখতে খেলাধুলায় জোর সমাজকল্যাণমন্ত্রীর
সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কথা বলেছেন সমাজকল্যাণমন্ত্রী।
মাদকের হাত থেকে তরুণ প্রজ্ন্মকে বাঁচাতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজ গঠনের তাগিদ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি।
মাদকের আগ্রাসন ‘বেড়ে’ গেছে মন্তব্য করে তিনি বলেন, “মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মাধ্যমে এ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করতে হবে।“
সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ‘সফলভাবে’ দেশ গড়ার কাজ করছে মন্তব্য করে এ কাজে সরকারপ্রধানের প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
এছাড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্টিজ পি এল সির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
