২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্য অর্জনে কালক্ষেপণ নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে কর্মকর্তাদের আরও উদ্যোগী হয়ে কাজ করার পাশাপাশি লক্ষ্য অর্জনে কালক্ষেপণ না করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 03:34 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী তার কার্যালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেন, “স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রত্যেককে আরো উদ্যোগী হতে আমি আহ্বান জানাচ্ছি। 

“আমি জানি, কাজ করতে গেলে সুবিধা-অসুবিধা অনেক কিছুই আছে, অনেক কিছুই মোকাবেলা করতে হয়। কিন্তু তারপরেও সকলের আগে আমাদের সামনে এটাই থাকতে হবে যে- এদেশের মানুষ, সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র, কৃষক, খেটে খাওয়া সাধারণ মানুষ; তাদের কথাই আমাদের আগে চিন্তা করতে হবে।”

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আমি কেমন আছি সেটা বড় কথা না, আমার থেকে যে খারাপ আছে, আমার থেকে যে দরিদ্র; তারা কি অবস্থায় আছে, তাদের ভাগ্যের পরিবর্তন- এটাই আমাদের কর্তব্য।

“আমরা যদি নিচের দিকে তাকিয়ে চিন্তা করি তাহলে নিজে কি পেলাম আর পেলাম না সেটা বড় হয়ে দেখা দেবে না। আমরা তাদের জন্য কতটুকু দিতে পারলাম, কতটুকু করতে পারলাম, দেশের জন্য কতটুকু দিতে পারলাম, কতটুকু করতে পারলাম এটা হচ্ছে বিবেচ্য বিষয়। কাজেই সেদিকে দৃষ্টি দিয়েই দেশের জন্য কাজ করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।”

২০০৮ সালে সরকার গঠন করার পর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে এবং ইতোমধ্যেই তার ‘কিছু কিছু ফলাফল দেশবাসিকে ইতোমধ্যেই’ সরকার দিতে পেরেছে বলে জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা এসময় দারিদ্রের হার কমানো, ছয় বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি গড়ে ছয় শতাংশের ওপর ধরে রাখা, রিজার্ভ বৃদ্ধি, বাজেট চারগুণ বৃদ্ধি, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো, শিশু ও মাতৃমৃত্যু হার কমানো, গড় আয়ু বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতিসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের অর্জনের সবচেয়ে বড় কথা হলো- আয় বৈষম্য কমানো। আমরা একেবারে নিম্নবিত্ত মানুষদের ধীরে ধীরে উপরে নিয়ে আসার চেষ্টা করছি। ফলে সকলের ক্রয়ক্ষমতা বেড়েছে।”

আওয়ামী লীগের প্রতিশ্রুতি রয়েছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। ইতোমধ্যেই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দিয়েছে।

তবে ‘সকলে মিলে আরেকটু কাজ’ করলে ২০২১ সালের আগেই লক্ষ্যে পৌঁছে যাওয়া যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এক্ষত্রে প্রধানমন্ত্রীর কার‌্যালয়ে কর্মরতদের দ্বায়িত্ব সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, “কাজগুলো যেন সঠিকভাবে সুসম্পন্ন হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া এবং কিভাবে দ্রুত কাজ সম্পাদন করা যায় সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। কালক্ষেপনটা যেন কোনোভাবে না হয় সে বিষয়টাও দেখতে হবে।”

শেখ হাসিনা বলেন, “বিশ্বমন্দার মধ্যেও সরকার গঠন করে আমরা যেভাবে কাজ করেছি তাতে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার সামর্থ্য আমাদের আছে, আমরা করতে পারব- এই আত্মবিশ্বাস নিয়েই আমরা কাজ করতে চাই।”

নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালে ক্ষমতায় এসে সকলের বেতন-ভাতা আমরা বৃদ্ধি করেছি। এই বৃদ্ধি কিন্তু নামকাওয়াস্তে না। একটা ভালো, বড় আকারেই আমরা বৃদ্ধি করেছি। আবার আল্লাহর রহমতে এ মাসে আবার করার কথা। সেটা প্রায় রেডি। আমরা সেটা করে দেব।”

বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন

বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের অধীনে দুটো আলাদা সংস্থা হিসেবে কাজ চালিয়ে এলেও ভবিষ্যতে এ দুটোকে এক সংস্থায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

তিনি বলেন, “এ দুটোকে আমরা এক করে দেব ভবিষ্যতে। ইতোমধ্যেই এ ব্যাপারে মোটামুটি পেপার আমাদের তৈরি। শুধু কার‌্যকর করাটাই এখনো হয় নাই; তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি।

“আমরা মনে করি ঠিক প্রাইভেটাইজেশনের মত সম্পত্তি এখন আর নেই। এগুলো আমরা আমাদের দেশেই বিনিয়োগের কাজে লাগাতে পারি। এগুলো বিক্রি না করে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায় সেদিকে আমরা দৃষ্টি দিতে চাচ্ছি।”

আশ্রয়ন

সরকার গ্রামের নিম্ন আয়ের মানুষদের জন্য নাগরিক সুবিধা সম্বলিত বাড়িঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

“গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা সম্বলিত ‘পল্লী জনপদ’ নামে একটি প্রকল্প আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য গ্রামের মানুষও যেন নাগরিক সুবিধা নিয়ে বসবাস করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া। গ্রাম ও শহরের মানুষের বৈষম্য দূর করা।”

শেখ হাসিনা তার সরকারের সময় ভারত, নেপাল, মিয়ানমার, চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অগ্রগতির কথাও তুলে ধরেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার‌্যালয়ের বিভিন্ন বিভাগ ও অধীন সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের কাজের ওপর উপস্থাপনা তুলে ধরা হয়।