২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবককে গুলি করে হত্যা

যশোর সদরে এক যুবককে বোমা মেরে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই হামলায় আহত হয়েছে আরও একজন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 09:40 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার সন্ধ্যায় শহরতলীর খোলাডাঙ্গা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী।

নিহত ইমরান কবির উজ্জ্বল (৩৫) ওই এলাকার শফিউল মোস্তাফার ছেলে।

আহত ওমর আলীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জন্য বড় ভাই ইনামুল কবির বাবুকে দায়ী করেছেন উজ্জ্বলের স্ত্রী লিজা খাতুন।

লিজা বলেন, মা রোকেয়া বেগম বড় ছেলে ইনামুল কবির বাবুকে বাড়িতে উঠতে দেন না।সোমবার সকালে বাবুকে বাড়িতে না উঠতে দেয়ায় তিনি ছোট ভাই উজ্জ্বলকে তার ব্যবহৃত জিনিসপত্র এনে দিতে বলেন। উজ্জ্বল রাজি না হওয়ায় দুভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।পরে বাবু সেখান থেকে চলে যায়।

তিনি বলেন, “সন্ধ্যার দিকে উজ্জ্বল ও তার বন্ধু ওমর আলী খোলাডাঙ্গা রেল লাইনের উপর বসে গল্প করছিলেন। এ সময় বাবুর নেতৃত্বে একই এলাকার আজাদ, শাকিল, রায়হান, টগর, গোলাম ও শোয়েব সেখানে গিয়ে ২/৩টি বোমা বিস্ফোরণ ঘটায় এবং ২/৩ রাউন্ড গুলি ছোড়ে।

“একটি বোমা উজ্জ্বলের পিঠে লাগলে পেছনের অংশ উড়ে যায়। আর ওমর আলীর ডান পায়ে একটি গুলি এবং শরীরের বিভিন্ন অংশে বোমার স্প্লিন্টার লাগে।”

সেখানে তারা  দীর্ঘক্ষণ পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি।পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায় বলে জানান লিজা।

ওই হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নেওয়ার আগেই উজ্জ্বলের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক স্থানে গুলি ও বোমার স্পিøন্টার লেগেছে।

ওমরের অবস্থাও ভাল না বলে জানান তিনি।