বাগেরহাটে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশ জড়ানোর পর গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন, আহত হয় পুলিশসহ অন্তত ১৫ জন।
তবে, ওই যুবকের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দুপুরে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিটন শেখ (২৮) চরচিংগুড়ি গ্রামের এনামুল শেখের ছেলে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ মো. আমিনুল শেখকে (২৪) গোপালগঞ্জ সদর হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাকালে পাঠানো হয়েছে।
অন্যদের চিতলমারী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামরা জানান, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা শেখ ও বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্নার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ রয়েছে।
সোমবার দুপুরে উজ্জ্বল নামে অহিদুজ্জামান পান্নার এক সমর্থকে বাদশা শেখের লোকেরা ধরে নিয়ে মারধর করে।
এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিদর্শক রবিউল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষকারীরা পুলিশের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান তিনি।
রবিউল আরও জানান, সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
“আহতদের মধ্যে বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচাজ এসআই আবুল কাসেম ও এএসআই হামিদুল ইসলামের অবস্থা আশংকাজনক। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে,” বলেন তিনি।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান সন্ধ্যায় ঘটনাস্থাল থেকে জানান, দুই পক্ষের সংঘর্ষে লিটন নামে একজন নিহত হয়েছে। পুলিশের গুলিতে তার মৃত্যুর কোনো প্রমাণ তিনি পাননি।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুকের ডানদিকে গুলিবিদ্ধ অবস্থায় লিটন ও আমিনুল শেখকে (২২) হাসপাতালে আনা হয়।
এদের মধ্যে লিটন হাসপাতালে আনার আগেই মারা যান এবং আশংকাজনক অবস্থায় আমিনুরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ডা. জসিম।
