খাগড়াছড়িতে জাল নোট উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৩
খাগড়াছড়িতে বিপুল পরিমাণ বাংলাদেশি ও ভারতীয় মুদ্রার জাল নোট উদ্ধার ও নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার দুপুরে সদর উপজেলার মাইসছড়ি করল্যাছড়ি পাহাড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায় বলে জানান সদর থানার ওসি সামসু উদ্দীন।
গ্রেপ্তাররা হলেন মিহির চাকমা, তনয় চাকমা ও তার স্ত্রী আঁখি চাকমা।
ওসি সামসু উদ্দীন বলেন, গোপন সংবাদ পেয়ে বেলা ৩টার দিকে মাইসছড়ির মিলন চাকমার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৩ লাখ ৩ হাজার পাঁচশত বাংলাদেশি নোট ও ৪ লাখ মূল্যমানের ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয় বলে জানান ওসি।
