সিরাজগঞ্জে বাস খাদে, প্রাণ গেল ৫ জনের
ঈদের ব্যস্ত সড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
যাত্রী নিয়ে ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার পথে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দের কাশেম মোড় এলাকায় বাসটি খাদে পড়ে যায় বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি হেলালউদ্দিন জানান।
নিহতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী শিরিন আকতার (২৮), বদিয়াপাড়ার জুয়েল হোসেনের ছেলে নীরব (৬), সোনাইডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে আপেল (৩২), শহীদুল ইসলামের মেয়ে শাহানা আক্তার (১২) এবং রফিকুল ইসলামরে স্ত্রী ফরিদা খাতুন (২২)।
আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি হেলাল উদ্দিন জানান, গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে ঢাকার চান্দুরা থেকে বাসটি গাইবান্ধা যাচ্ছিল।
কাশেম মোড় এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চার জন এবং হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়।
খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেয় বলে তিনি জানান।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী সন্ধ্যায় ঘটনাস্থল থেকে জানান, ফিটনেসবিহীন বাসটি রেকার দিয়ে তোলার সময় ভেঙ্গে যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আহত যাত্রী এপ্রেক্স গার্মেন্টসের কর্মচারী গোবিন্দগঞ্জের রৌদ্যনগরের আব্দুল খালেকের ছেলে আসাদুল ইসলাম জানান, ঘুম ঘুম ভাব নিয়ে চালক গাড়ি চালাচ্ছিল।
একটি অটোরিকশাকে সাইড দেওয়ার সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
