পাটুরিয়া-শিমুলিয়ায় থৈ থৈ ভিড়
প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঘরমুখো হাজারো মানুষের ভিড়ে রাজধানী থেকে দক্ষিণের পথের দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার দুপুরেও মানিকগঞ্জের পাটুরিয়া এবং মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ছয় শতাধিক গাড়িকে পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
এদিকে দুই ঘাটেই ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে পদ্মা পার হচ্ছে লঞ্চ। ঈদে বাড়ি ফেরার তাড়ায় ঝুঁকি নিয়েই লঞ্চে উঠছেন অনেকে।
ঈদের ছুটি শুরুর প্রথম দিন ভোর থেকে সড়কে গাড়ির চাপ বাড়ায় সকালেই পাটুরিয়া ঘাটে জট শুরু হয়। সকাল ৯টার সময় পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে পাটুরিয়া-উথুলি সড়কের নবগ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে দেড় শতাধিক যাত্রীবাহী বাসকে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিকাল ৩টা পর্যন্ত শখানেক গাড়ি ঘাটে অপেক্ষায় ছিল। সে সময় পাটুরিয়া জিরোপয়েন্ট থেকে পল্টুন পর্যন্ত মানুষের ভিড় দেখা যায়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, “১৮টি ফেরি চলাচল করছে। হঠাৎ করেই ভোরের দিকে যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে যায়। গতরাতে বৃষ্টি হওয়ার কারণে অনেক গাড়ি আসেনি। এজন্য ভোর থেকে গাড়ির চাপ বেড়েছে।”
এদিকে লঞ্চের সংখ্যা কম হওয়ায় ঝুঁকি নিয়েই নদী পার হতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। ভিড় বেশি থাকায় অনেক যাত্রীকে লঞ্চের বদলে ফেরিতে পার হতেও দেখা গেছে।
ঘাটকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনায় বাতিল হওয়ায় এবং ফিটনেস না থাকায় ছয়টি লঞ্চ বন্ধ রাখা হয়েছে। ৩১টি লঞ্চ চালু থাকলেও ঈদের বাড়তি যাত্রীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না।
‘কিছু অতিরিক্ত যাত্রী’ বহন করা হলেও এতে ‘ঝুঁকি নেই’ বলে তিনি দাবি করেন।
পাটুরিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি শেখ গোলাম মোর্শেদ খাইরুল্লাহ বলেন, “যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা কম বলে বেশি যাত্রী তোলা হচ্ছে। তবে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় নিষেধাজ্ঞা রয়েছে।”
রাজবাড়ীর পাংশা উপজেলা সদরের বাসিন্দা খোরশেদ আলম জানান, লঞ্চে অতিরিক্ত ভিড় দেখে নিরাপত্তার কথা চিন্তা করেই তিনি ফেরিতে পার হয়েছেন।
দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। শিমুলিয়ার প্রান্তে অন্তত পাঁচশ যানবাহনকে যাত্রী নিয়ে আটকে থাকতে দেখা গেছে দুপুরে।
বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সকালে তেমন গাড়ির চাপ না থাকলেও দুপুরে বেড়েছে।
১৮টি ফেরি এ ঘাট থেকে যানবাহন নিয়ে কাওড়াকান্দি যাতায়াত করছে। সেইসঙ্গে স্পিডবোট ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন অসংখ্য যাত্রী।
যাত্রীদের নিরাপত্তায় শিমুলিয়া ঘাটে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ছাড়াও ঘাট ও সংলগ্ন সড়কে পাঁচশর বেশি পুলিশ নিয়োজিত রয়েছেন বলে মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান।
