অফ স্পিনারের ভূমিকাতেও প্রস্তুত মাহমুদউল্লাহ
শুভাগত হোম চৌধুরী বাদ পড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে মাহমুদউল্লাহর অফ স্পিনের দিকেও তাকিয়ে থাকতে হতে পারে। এই অলরাউন্ডার জানিয়েছেন, ব্যাটিংয়ের মতো বোলিংয়েও নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি।
মাঝখানে খুব একটা বোলিং করেননি মাহমুদউল্লাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বল করে দুটি উইকেট নেন তিনি।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের আগে সাংবাদিকদের মাহমুদউল্লাহ জানান, গত কয়েক মাসে কেবল ব্যাটিংয়ের দিকেই মনোযোগ ছিল তার।
“চেষ্টা করব বোলিংয়ে ভালো করার। ওয়ানডে সিরিজের আগে কোচ বললেন, আমার বোলিংটাও দলের জন্য প্রয়োজনীয়।”
ভারত সিরিজের আগে অনুশীলনে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান মাহমুদউল্লাহ। সেই চোট কাটিয়ে ফেরা এই ক্রিকেটার জানান, এবার বোলিং নিয়েও কাজ শুরু করেছেন তিনি।
“এখন বোলিংও করেছি বেশ কয়েক সেশন। টেস্টে যদি খেলি, চেষ্টা করব ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও আমার ভূমিকাটাও পালন করার।”
বোলিংয়ে শুভাগতর পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় তাকে বাদ দেন নির্বাচকরা। তাই অফ স্পিনের বাড়তি দায়িত্ব থাকছে কি না এমন প্রশ্ন আসতেই মাহমুদুল্লাহ মনে করিয়ে দেন, “দলে নাসিরও কিন্তু আছে।”
অলরাউন্ডার নাসির হোসেন টেস্ট দলে ফিরলে আরও এক জন অফ স্পিনার পাবে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে বিশেষজ্ঞ বোলার হিসেবেই তাকে ব্যবহার করেন মাশরাফি বিন মুর্তজা।
