২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাঁচির আঘাতে দর্জি খুন

চট্টগ্রাম নগরীতে নিজের দোকানে কাঁচির আঘাতে খুন হয়েছে এক দর্জি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:17 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

নিহত মো. সোলায়মান (২৫) ভোলার চরফ্যাশনের ওমরাবাদ এলাকার নাসির আহমদের ছেলে।

ডবলমুরিংয়ের হালিশহরের মনসুরাবাদ মিয়া বাড়ি এলাকায় ‘হুমাইয়া টেইলার্স’ নামে একটি দোকান চালাতেন তিনি।

বৃহস্পতিবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ডবলমুরিং থানার ওসি নুরুল আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনায় নূর হোসেন নামে (২৬) একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“দুপুরে দোকানের সামনে নুর হোসেনের ছেলে ঢিল ছুঁড়ে খেলছিল। এসময় সোলায়মানের দোকানে একটি ঢিল এসে পড়লে তিনি ছেলেটিকে একটি চড় মারেন।

“এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে নূর হোসেন সোলায়মানের বুকে তার দোকানের কাঁচি ঢুকিয়ে দেন।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঘটনার পর সোলায়মানকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।