২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে ঝালকাঠীতে ইউপি চেয়ারম্যান ও সচিব আটক

ঈদে জন্য দেওয়া ভিজিএফ কার্ডের চাল আত্ম সাতের অভিযোগে ঝালকাঠীর নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম গিয়াস ও পরিষদের সচিব মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 08:08 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ইউপি চেয়ারম্যান নূরুল আলম গিয়াস ঝালকাঠি জেলা বিএনপি সহ-সভাপতি পদেও রয়েছেন বলে জানায় পুলিশ।

নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৯৭৫ জন দুস্থদের মাঝে সোমবার ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়।

নিয়মানুযায়ী জনপ্রতি ১০ কেজি করে মোট নয় টন ৭৭৫ কেজি চাল দেওয়ার কথা ছিল।

কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আলম গিয়াস, সচিব মো. সাইফুল ইসলাম, পরিষদের সদস্য (মেম্বর) মজিবুর রহমান মাঝি, খলিলুর রহমান খান, মাজাহারুল ইসলাম ও চৌকিদার আইয়ুব আলীর নির্দেশে দুস্থদের প্রত্যেককে এক কেজি থেকে দুইকেজি করে চাল কম দেয় বলে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পান।

তাই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদে অভিযান চালায় পুলিশ।

এ সময় ইউপি চেয়ারম্যান নূরুল আলম গিয়াস ও পরিষদের সচিব মো. সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে এসে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাত বস্তা চালও উদ্ধার করেছে।

এ ব্যাপারে সবরকম আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছেবলে জানান ওসি মাকসুদুর রহমান।