চট্টগ্রামে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মিটন দাশ (২১), মো. মামুন (২৩), আনোয়ার হোসেন (২৬), মো. রিপন হোসেন (২০) ও মো. রনি (২৮)।
অভিযানের নেতৃত্বে থাকা নগরীর চান্দগাঁও থানার এসআই নাসিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী এবং বোয়ালাখালী উপজেলা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তাররা স্বীকার করেছে যে গত পাঁচ বছরে তারা নগরী ও বিভিন্ন উপজেলা থেকে কমপক্ষে ৫০টি মোটরসাইকেল চুরি করেছে।”
চুরির পর এসব মোটরসাইকেল তারা রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও বোয়ালখালী এলাকায় বিক্রি করে বলে জানান তিনি।
