২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরের এসিড-পানিতে গ্রামবাসীর ভোগান্তির অভিযোগ

বর্ষায় বেনাপোল স্থলবন্দরে ড্রামের এসিড পানির সাথে মিশে পাশ্র্ববর্তী এলাকাবাসীর ভোগান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

ভোগান্তির শিকার বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, “বিষয়টি নিয়ে কয়েকবার আমরা বন্দর কর্তৃপক্ষকে জানিয়েছি। বার বার তারা আশ্বাস দিলেও কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না।”

বেনাপোল বন্দরের বাইপাস সড়কের ট্রাক টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন এসিডের ড্রাম কন্টেইনার টার্মিনালে খোলা আকাশের নিচে পড়ে আছে।

অনেক ড্রামের মুখ খোলা থাকায় টানা বৃষ্টির পানির সাথে মিশে এসিড মিশ্রিত পানি বন্দরের প্রাচীরের নিচ দিয়ে পাশের বড়আঁচড়ার পূর্ব পাড়ার বাড়িগুলোয় ঢুকে পড়ছে।

ওই এলাকার বদরুল আলম, আমেনা খাতুন, আব্দুল জব্বার, আব্দুল করিম, আফজাল হোসেন, আমিরুল ইসলাম, কওসার আলি, জাহানারা বেগম, লিয়াকত আলি, আনিচুর রহমান, মোতাহার আলি, ইদ্রিস মাষ্টার, রুহুল আমিন, শামিম আহমেদ ও শাহাদত হোসেনের বাড়ির নিচতলায় পানি জমে থাকতে দেখা যায়।

বন্দরের ট্রাক টার্মিনাল অপেক্ষাকৃত উচু জায়গায় হওয়ায় এসিড মিশ্রিত পানি সহজেই এই এলাকায় নেমে আসে।

এলাকালার ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন, টার্মিনালের খোলা আকাশের নিচে এসিড রাখার ফলে শুষ্ক মৌসুমে ধোঁয়া এবং গ্যাস নির্গত হয় এতে এলাকার মানুষ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

তারা বলেন, বিষয়টি নিয়ে বেনাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে গ্রামবাসী টার্মিনাল থেকে এসিড স্থানান্তরের জন্য গত জানুয়ারিতে আবেদন জানালেও এ পর্যন্ত তার কোন ব্যবস্থা হয়নি।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন জানান, গ্রামবাসীর আবেদন ঢাকায় পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন তিনি।