যাত্রাবাড়ীতে ব্যবসায়ী ‘খুন’
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ব্যবসায়ীকে ‘গুলি করে’ হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে মাতুয়াইলের কাজীরগাঁওয়ে এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুজ্জামান জানান।
নিহত মজিবুর রহমান (৫৫) কাজীরগাঁওয়ের মৃধা বাড়ির হাজী সোহরাবের ছেলে। আজিজ কেবলস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক শাহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর রাতে বাড়ি ফেরার সময় নিজের বাড়ির সামনেই মজিবুরকে গুলি করা হয়।”
ভাই সাইদুল ইসলাম বাসার সামনে থেকে সংজ্ঞাহীন অবস্থায় মজিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল ফাঁড়ি পুলিশ বলছে, মজিবুরের ঘাড়ে ও পিঠে জখমের চিহ্ন রয়েছে।
পরিদর্শক শাহীদ জানান, মাতুয়াইলের ওই পাঁচতলা বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন মজিদ। কারা তাকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
