২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে শিশু হত্যা: এলাকাবাসীর নতুন কর্মসূচি

সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার সব আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় এলাকাবাসী।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 01:36 AM

Updated : 12 Oct 2022, 04:01 PM

সোমবার রাতে সদর উপজেলার বাদেআলী গ্রামে নিহত রাজনের বাড়িতে বৈঠক শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

‘রাজন হত্যা সংগ্রাম পরিষদ’র ব্যানারে মঙ্গলবার বেলা ২ টায় টুকের বাজার বাসস্ট্যান্ডের কাছে তেমুখী এলাকায় এ সমাবেশ হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পরিষদের মুখপাত্র নিজাম উদ্দিন আহমদ।

এর আগে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতে সমাবেশ করে মামলার সব আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

গত বুধবার সকালে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের রাজনকে।

নির্যাতনকারীরা শিশুটিকে নির্যাতনের চিত্র মোবাইল ফোনে ধারণ করে। ২৮ মিনিটের সে ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

Image
সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সব আসামির গ্রেপ্তার দাবিতে সোমবার রাতেও স্থানীয় বাদে আলী গ্রামে বিক্ষোভ করে এলাকাবাসী।

সিলেটে শিশু রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় সব আসামির গ্রেপ্তার দাবিতে সোমবার রাতেও স্থানীয় বাদে আলী গ্রামে বিক্ষোভ করে এলাকাবাসী।

রাজনের লাশ ফেলার সময় মুহিত আলম (২২) নামে একজনকে হাতেনাতে আটকের পর জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।

মামলায় মুহিত ছাড়াও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে (৪৫) আসামি করা হয়।

এর মধ্যে সোমবার মামলার আরেক আসামি কামরুলকে সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনকে পিটিয়ে হত্যা এবং নির্যাতনের ভিডিও ইন্টারনেটে দেওয়ার পর ভাই মুহিত আলম ধরা পড়লেও সৌদি প্রবাসী কামরুল দেশ ছেড়েছিলেন।

তবে মামলার এজাহারভুক্ত আরও দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় আগের আল্টিমেটামের সময় শেষে নতুন এই কর্মসূচি দেওয়া হয় বলে সোমবার রাতের বৈঠকে উপস্থিত এলাকাবাসীরা জানান।

বৈঠকে উপস্থিত এলাকার মুরব্বি আশরাফ চৌধুরী, নিজাম উদ্দিন ও আবদুজ জহিরসহ অন্যরা বলেন, সব আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।