২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশে মন্ত্রিসভার সায়

পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠনের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 06:26 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধ্যাদেশ-২০১৫’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, গত ৪ মে অনুষ্ঠিত মন্ত্রিসভায় আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়।

“কাজটি জরুরি হয়ে পড়ায় সংসদ অধিবেশন না চলার কারণে আইন পাসের সুযোগ না থাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশ উপস্থাপন করা হয়। এখন রাষ্ট্রপতি সই করলে অধ্যাদেশ জারি হয়ে যাবে।”

সংসদ অধিবেশন বসলে অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য উপস্থাপন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ আইন অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের হাতে। আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে ‘নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ।”

রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প শেষ হওয়ার পর কেন্দ্র চালু হলে তা কোম্পানির অধীনে চলে যাবে বলে জানান মোশাররাফ হোসাইন।

প্রকল্পের শেষে পরিচালক কোম্পানির প্রথম ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাবেন বলেও জানান তিনি।

এই কোম্পানি ভবিষ্যতে অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোম্পানিতে একটি ওনার অর্গানাইজেশন থাকবে, তা হবে ‘অ্যাটমিক এনার্জি কমিশন’। আর অপারেটিং অর্গানাইজেশন হিসেবে থাকবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড’।

কোম্পানি পরিচালনার জন্য একটি বোর্ড থাকবে জানিয়ে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এর চেয়ারম্যান হবেন। পরিচালক থাকবেন ৭ থেকে ১২ জন।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় অভিজ্ঞতা না থাকায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নীতিমালা মেনেই রূপপুরের সব কাজ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ২০১০ সালে সংসদে প্রস্তাবও পাস করা হয়, গঠন করা হয় একটি জাতীয় কমিটি। ওই বছরই রাশিয়ার সঙ্গে একটি কাঠামো চুক্তি করে সরকার এবং ২০১১ সালের নভেম্বরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুই দেশ চুক্তি করে।

২০১৩ সালের অক্টোবরে পাবনার রূপপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই ইউনিটে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের প্রথম ইউনিট ২০২১ সালের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ৪ হাজার কোটি টাকা প্রকল্প সহায়তা হিসাবে রাশিয়ান ফেডারেশন দেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।