জাতীয় পরিবেশ পদক পেলেন মনজিল মোরসেদ
জাতীয় পরিবেশ পদক-২০১৫ পেয়েছেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের’ সভাপতি মনজিল মোরসেদ।
রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এই আইনজীবীর হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য প্রতি বছর বন ও পরিবেশ মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে এ পদকের আয়োজন করে। দুই ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হয়।
মনজিল মোরসেদ
আইনজীবী মনজিল মোরসেদ ঝালকাঠী জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলাকান্দি গ্রামে ১৯৫৯ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন। বর্তমানে সুপ্রিম কোর্টের এই আইনজীবী ১৯৮৮ সালে আইন পেশা শুরু করেন।
পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দেশের সর্বোচ্চ আদালতে উল্লেখযোগ্য সংখ্যক রিট মামলা করেছেন।
পরিবেশ রক্ষায় তার করা জনস্বার্থ সংশ্লিষ্ট দুই শতাধিক রিট মামলায় আদালতের রায়, আদেশ ও নির্দেশনা নদী, খাল, পুকুর ভরাট ও দখল, পাহাড় কাটা ও লেক ভরাট বন্ধ, সমুদ্র-সৈকত এবং জাতীয় বন রক্ষাসহ অনেক পরিবেশ বিরোধী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছে।
