২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি রানার আগাম জামিন আবেদনের আদেশ সোমবার

আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির আগাম জামিন আবেদনের বিষয়ে আদেশ হবে সোমবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 11:22 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রোববার তাদের জামিন আবেদন শুনে আদেশের এ দিন ঠিক করে দেয়।

এই সময় পর্যন্ত যেন তাদের হয়রানি ও গ্রেপ্তার না করা হয় তা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে বলে জানান ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. বশির উল্লাহ।

আবেদনকারীরা রোববার হাই কোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আরজি জানান। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও শাহ মঞ্জুরুল হক।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল বশির উল্লাহ ও সহকারী অ্যার্টনি জেনারেল মো. আলী জিন্নাহ।    

আইনজীবী মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই মামলার এজহারে তাদের নাম নেই। অথচ পুলিশ তাদের হয়রানি ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তাই গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা থেকে তারা আগাম জামিন আবেদন করেন।” 

২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে ২২ জানুয়ারি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।